প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খালেদা জিয়া ২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলা এবং তার স্বামী জিয়াউর রহমান ১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন।
তিনি বলেন, ‘জিয়াউর রহমান শুধুমাত্র জাতির পিতা হত্যার সাথে নয়, জাতীয় চার নেতা এবং একের পর এক অভ্যুত্থানের মাধ্যমে সেনা কর্মীদের হত্যার সাথেও জড়িত ছিলেন। খালেদা জিয়াও ক্ষমতায় আসার পরে ঠিক একই কাজ করেছিলেন।’
প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে এক ভার্চুয়াল আলোচনায় যোগ দিয়ে এ কথা বলেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতির পিতার ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের জন্য এ কর্মসূচির আয়োজন করে।
প্রধানমন্ত্রী বলেন, ‘জিয়াউর রহমান মন্ত্রী, প্রধানমন্ত্রী ও উপদেষ্টা হিসাবে আবদুল আলীম, মাওলানা মান্নান, শাহ আজিজের মতো তার সহযোগীদের নিয়োগ করেছিলেন। খালেদা জিয়াও সেই পদক্ষেপ অনুসরণ করে পরবর্তীতে নিজামী, মুজাহিদের মতো মানবতাবিরোধীদের ক্ষমতায় বসিয়েছিলেন।’
সূত্র: ইউএনবি





