লালমনিরহাটের পাটগ্রামে স্বামীর বিরুদ্ধে বহুবিয়ের অভিযোগ করেছেন প্রথম স্ত্রী রহিমা বেগম।
অভিযুক্ত হাবিবুর রহমান ওরফে হবি(৭০) বুড়িমারী ইউনিয়ননের সাবেক ইউপি সদস্য। তিনি এখন পর্যন্ত আটটি বিয়ে করেছেন সম্প্রতি গোপনে নবম বিয়ে করতে তোড়জোড় করছেন বলে স্ত্রীর অভিযোগ।
সংশ্লিষ্টরা জানায়, আটজন স্ত্রীর মধ্যে জমি-জমা বিক্রি করে ইতোমধ্যে তিনজনকে ডিভোর্স দিয়েছেন তিনি। একজনের মৃত্যু হয়েছে। চারজন স্ত্রী চার বসতবাড়িতে সন্তানদের নিয়ে রয়েছেন। এরই মধ্যে হাবিবুর রহমান হবি এক নারীর সাথে পরকীয়া সম্পর্ক গড়ে তুলে বিয়ে করতে উঠে পড়েছে। এঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হওয়ায় বাধ্য হয়ে বিয়ে রুখতে পাটগ্রাম থানায় ও লালমনিরহাট পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করেছেন প্রথম স্ত্রী।
রহিমা বেগম বলেন, ‘প্রায় ৪০ বছর আগে আমাকে বিয়ে করার সময়ের মধ্যে আমার মতের বিরুদ্ধে একের পর এক সাতটি বিয়ে করেন। তিনি একের পর এক নারীকে ভাগিয়ে এনে অন্যের সংসার নষ্ট করে মজা পান। বর্তমানে আমার ছেলে একজন বুড়িমারী ইউনিয়ন পরিষদের সদস্য। মেয়েদের বিয়ে হয়েছে নাতী-নাতনি রয়েছে। এ বয়োবৃদ্ধ অবস্থায় অন্যের স্ত্রীর সাথে আমার স্বামীর পরকীয়া সম্পর্ক কিভাবে মেনে নেই। তার জন্যে সমাজে মুখ দেখাতে পারছি না।’





