চট্টগ্রামের সীতাকুণ্ডে জাতীয় শোক দিবসের সভায় অংশ নিয়ে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন আপন দুই ভাই। নিহত রমজান আলী (৩৫) ও সিজন আলী (২৫) স্থানীয় যুবলীগের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানিয়েছে পুলিশ। গতকাল সোমবার রাত ৮টার দিকে দারোগাহাট মহাসড়কে দুর্বৃত্তদের গুলিতে আহত দুই ভাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রমজানকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। পরে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সিজনও।
আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলে এই হামলা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র। নিহত রমজান ও সিজন দারোগাহাটের মহালঙ্কা এলাকার নূরুল আবসারের ছেলে।
একটি সভা শেষে মোটরসাইকেলে যাওয়ার সময় রমজান ও সিজনের ওপর হামলা হয় বলে জানান চমেক পুলিশ ফাঁড়ির এসআই শিবব্রত বড়ুয়া। তিনি বলেন, জাতীয় শোক দিবস উপলক্ষে সীতাকুণ্ডের বারৈয়ারঢালা ইউনিয়ন আওয়ামী লীগের সভা ছিল বিকালে। ওই সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য দিদারুল আলম। সভা শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে হামলার মুখে পড়েন এমপি দিদারের অনুসারী রমজান ও সিজন।
মোটরসাইকেলের আরেক আরোহী মোবারক বলেন, ‘আমরা বাড়িতে ফিরছিলাম। বড় দারোগাহাটে মহাসড়কে ওজন স্কেলে মোটরসাইকেল স্লো করলে একদল সন্ত্রাসী আমাদের ওপর হামলা চালায়।’
আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলে এই হামলা হয়েছে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মসিউদ্দৌলা গুলিতে দুইজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করে বলেন, ‘প্রতিপক্ষের লোকজনই রমজান ও সিজনকে হত্যা করেছে বলে আমরা ধারণা করছি।’
রমজানের বিরুদ্ধে পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।





