শোবিজ

রিপোর্টার মেহজাবীন!

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৭ অগাস্ট, ২০১৯

কখনো হতদরিদ্র, কখনো স্থূলকায় বা বড় দাঁতের মেকআপে পর্দায় এসেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। এবার তাকে দেখা যাবে আরো একটি ভিন্ন চরিত্রে। টিভি চ্যানেলের রিপোর্টার হয়েছেন মেহজাবীন। তার এই রূপ দেখা যাবে ‘গেম ওভার’ নামের একটি টেলিছবিতে। স্বরূপ চন্দ্র দে’র লেখা গল্পে এটি নির্মাণ করছেন সঞ্জয় সমাদ্দার। থ্রিলারধর্মী এই টেলিছবিতে মেহজাবীনের বিপরীতে অভিনয় করছেন জিয়াউল ফারুক অপূর্ব।

নির্মাতা সঞ্জয় সমাদ্দার জানান, ‘গেম ওভার’ গল্পে দেখা যাবে, এক ভয়ংকর খেলায় মেতে উঠেছেন প্রভাবশালী আজমীরা খান ও জাত জুয়াড়ি আজগর। তাদের এই খেলায় সর্বস্ব হারিয়েছে আবিদ ও তার পরিবার। আজমীরা-আজগরের ভয়ংকর কারসাজি সবার সামনে তুলে ধরতে এগিয়ে আসে সাংবাদিক লুবনা। এরপরই ঘটতে থাকে নানা ঘটনা।

নাটকটি প্রসঙ্গে মেহজাবীন বলেন, গল্পটি অন্যরকম, বেশ চ্যালেঞ্জিং একটি চরিত্র। গল্পে খুব সুন্দর একটি সামাজিক বার্তা আছে। চেষ্টা করেছি চরিত্রটি সঠিকভাবে ফুটিয়ে তুলতে। ‘গেম ওভার’ টেলিছবির বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, শম্পা রেজা, লরেন মেন্ডিসসহ অনেকে। শিগগিরই এটি একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে।

অন্যদিকে ছোটপর্দার অভিনেত্রীদের তালিকায় এবারের ঈদে বাজিমাত করেছেন মেহজাবীন চৌধুরী। ছোটপর্দার নায়িকাদের মধ্যে তিনিই সবচেয়ে বেশি ঈদের নাটকে অভিনয় করেছেন। ২৪টি নাটকে অভিনয় করেছেন মেহজাবীন। এসব নাটকে ছোটপর্দার অনেক নায়কের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করলেও আফরান নিশোর সঙ্গে তার রসায়নটা ভালো জমে ওঠে বলে মনে করেন নাট্যসংশ্লিষ্টরা। এমনিতেই মেহজাবীনকে সারা বছরই ব্যস্ত থাকতে হয়েছে লাইট-ক্যামেরার সামনে। দর্শকচাহিদার কারণে তাকে নিয়ে নির্মাতাদের আগ্রহ একটু বেশিই থাকে।

ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করতে পছন্দ করেন মেহজাবীন। তিনি বলেন, ‘নাটকের ধরন কিন্তু খুব বেশি না। নাটকটির শেষ হয়তো আনন্দের হবে অথবা কষ্টের হবে। যেকোনো মানুষের জীবনের গল্পই এমন, সেটা সুখের অথবা কষ্টের। এর বাইরে আর কিছু হয় না। এর বাইরে আশা করাটাও বোকামি বলে আমি মনে করি। যদি আমার কথা বলি, তাহলে বলব ব্যক্তিগতভাবে আমি রোমান্টিক নাটক করতে পছন্দ করি। কারণ দর্শক আমাকে এ ধরনের নাটকে দেখতেই পছন্দ করেন।’

নাটকের মান ভালো হতে হলে ভালো বাজেটের প্রয়োজন বলে মনে করেন এই অভিনেত্রী। বর্তমান সময়ে আমাদের নাটকের সার্বিক অবস্থা সম্পর্কে মেহজাবীন বলেন, ‘আসল সংকট হচ্ছে বাজেট। বাজেট বাড়লে কাজের মান নিজগতিতে অনেক ভালো হয়ে যাবে। আর সম্ভাবনার শেষ নেই। সবাই দুদিনের মধ্যে প্রেসার নিয়ে কাজ করছে। আমার মনে হয়, দুনিয়ার আর কোথাও এভাবে শুটিং হয় না। শুধু এই স্টাইলটা বাংলাদেশেই আছে। যারা এখন নাটক করছে, তাদের স্যালুট দেওয়া উচিত। অনেক সংকটের মধ্যেও কাজ করছি আমরা। দর্শকদের বিনোদন দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। এই চেষ্টাটাই একটা অনেক বড় ব্যাপার। সেটার কথা কিন্তু কেউ বলে না।’ নিজের কাজের মানের ভার দর্শকদের দিতে চান মেহজাবীন। তিনি বলেন, ‘আমরা অনেক কষ্ট করে কাজ করি। আমাদের কাজটা দেখবেন। কাজ নিয়ে ভালো-মন্দ বলবেন। কীভাবে শোধরানো যায় সেটাও বলবেন। কোনো কাজকে খারাপ বলা অনেক সহজ বা ফেসবুকে কমেন্ট করে দেওয়া অনেক সহজ। কিন্তু গঠনমূলক সমালোচনায় কাজকে উৎসাহ সবাই দিতে পারেন না। সবার কাছে সমর্থন চাই।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads