গাজীপুরের শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ি ( গিলার চালা) ময়লার ভাগাড়ে শিশুর কঙ্কাল উদ্ধারের ঘটনায় মামলা করা হয়েছে। এ ঘটনার পর এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব ১ এর অভিযানিক দল।
আজ মঙ্গলবার সকাল ৬টায় টাঙ্গাইলের সখিপুর থেকে আজিজুল নামে একজনকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার বিকেলে র্যাব-১ গাজীপুর ক্যাম্পের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করা হয়। গ্রেপ্তারকৃত আজিজুল ইসলাম (২০) শ্রীপুরের বেতঝুড়ি গ্ৰামের সবুর উদ্দি বার্বুচির ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ সেপ্টেম্বর ২০২০ তারিখ সকাল ৬টায় র্যাব-১ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১ এর অধিনায়ক লেঃ কর্ণেল শাফী উল্লাহ বুলবুল এর দিক নিদের্শনায় কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ টাঙ্গাইলের সখিপুরের কালিদাস বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় গড়গড়িয়া মাস্টারবাড়ি ময়লার স্তূপে শিশুর কঙ্কাল উদ্ধার ঘটনায় দায়ের অপহরণ এবং হত্যা মামলার প্রধান আসামী আজিজুল ইসলাম (২০) গ্রেপ্তার করা হয়।
এতে আরো বলা হয়, গত ৩০ আগস্ট ভিকটিমের পরিবার র্যাব-১ স্পেশালাইজড কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুরে এসে নিখোঁজ ছেলেকে অনুসন্ধানের জন্য আইনগত সাহায্য কামনা করে। অভিযোগ পেয়ে নিখোঁজ ভিকটিম উদ্ধার এবং অপহরণকারীদের গ্রেপ্তারের লক্ষ্যে র্যাব-১ এর চৌকস তদন্ত দল ছায়া তদন্ত শুরু করেন এবং র্যাবের সোর্স নিয়োগসহ সকল ধরনের গোয়েন্দা কার্যক্রম পরিচালনা শুরু করে। এরই ধারাবাহিকতায় ভিকটিমকে জীবিত উদ্ধার ও অপরাধীদের গ্রেপ্তারের লক্ষ্যে র্যাবের আভিযানিক দল গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের এক পর্যায়ে গত ৩১ আগস্ট তারিখ সকালে স্থানীয় লোকজন ও ভিকটিমের পরিবারের উপস্থিতিতে গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার গড়গড়িয়া মাস্টারবাড়ীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে আবর্জনার স্তপ থেকে মানুষের একটি কঙ্কাল পাওয়া যায়। কঙ্কালের পাশে থাকা শার্ট, প্যান্ট ও জুতা দেখে কঙ্কালটি নিখোঁজ সোহানের বলে শনাক্ত করে তার স্বজনেরা। নিহত সোহান শ্রীপুর পৌরসভার মাস্টারবাড়ি এলাকার আব্বাস আলীর ছেলে। সোহান ওই গ্রামের আবুল প্রধান কিন্ডারগার্ডেন এর ৪র্থ শ্রেণীর ছাত্র ছিল।





