করোনা ভাইরাস কোভিড-১৯ আতঙ্কে সারা দেশের মতো সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা সদরসহ রাস্তাঘাট জনশূন্য হয়ে গেছে। বুধবার থেকে জরুরী প্রয়োজন ছাড়া কেউ বাহিরে বের হতে পারবেনা, প্রশাসনের পক্ষ থেকে এমন ঘোষণা দেয়ার পর থেকেই জনশূন্য উপজেলা সদরের রাস্তাঘাট মার্কট ও আশপাশের ওলিগলি।
তবে উপজেলার চালা ও মুকুন্দগাঁতী বাজারে ভোরের দিকে কিছু মানুষের উপস্থিতি থাকলেও দুপুরে তেমন জনসমাগম দেখা যায়নি। সকাল ৮ টার দিকেই বাজার ভেঙ্গে যায়। এছাড়া মুকুন্দগাঁতী বিপনী বিতান বন্ধ। এদিকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান, ওষুধের দোকান ব্যতীত সব দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। খাবার দোকানে কেউ বসতে পারবেনা। মাস্ক ছাড়া কেউ বাইরে বেরহতে পারবেনা। জরুরী প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হতে পারবেনা। কেউ বিনা প্রয়োজনে বাহিরে বের হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে জেলা প্রশাসনের পক্ষ থেকে এমন ঘোষণা আসে। এ ঘোষণার পর থেকেই বেলকুচির রাস্তাঘাট প্রায় জনশূন্য হয়ে পড়েছে।
উপজেলা নির্বাহী অফিসার সিফাত-ই-জাহান জানান, করোনা ভাইরাস কোভিড-১৯ সারা বিশ্বে মহামারী আকার ধারণ করেছে। ভাইরাস প্রতিরোধে সামাজিক দুরুত্ব বজায় রাখতে হবে। এ পরিস্থিতিতে করোনা প্রতিরোধে দেশ ও দশের স্বার্থেই সতর্কতা জারি করা হয়েছে। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।





