আগামী বাজেটে সব প্রতিবন্ধীকে ভাতার আওতায় আনার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব অটিজম সচেতনতা দিবসের অনুষ্ঠানে বক্তব্যে এ কথা বলেন তিনি। প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, উল্লেখ করে তাদের সুপ্ত প্রতিভা বিকাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
বিশ্বব্যাপী অটিস্টিকদের অধিকার আদায়ে নেতৃত্বে দেয়া বাংলাদেশে অটিজম সচেতনতা দিবসের এ আয়োজন। অনুষ্ঠানে গানের তালে তালে সব প্রতিবন্ধকতা পেরিয়ে পৃথিবী জয়ের সংকল্প এই বিশেষ শিশুদের চোখে মুখে।
বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ প্রতিবন্ধী ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠানকে সম্মাননা তুলে দেন সরকারপ্রধান।
অটিস্টিকদের কল্যাণে সরকারের নানা কর্মসূচির কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভবিষ্যতে দেশের সব প্রতিবন্ধীকে ভাতার আওতায় আনার ঘোষণা দেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আগামী বাজেটে সকল প্রতিবন্ধীর জন্য ভাতার ব্যবস্থা করা হবে।
সরকারপ্রধান বলেন, অটিজমে আক্রান্তরা সমাজের বোঝা নয়। উপযোগী পরিবেশ ও যত্নে তাদেরও জীবন হতে পারে অর্থবহ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো বলেন, মুক্তা পানির মত উন্নত প্রক্রিয়াজাতকরণ পানি তৈরি করেন প্রতিবন্ধীরা। আমি চেষ্টা করছি এই পানিটিকে আমার নিজের অফিসে ব্যবহার করার। দুর্ভাগ্যজনকভাবে তার জন্য এখনো প্রয়োজনীয় ব্যবস্থা সম্পন্ন করা যায়নি। এটিকে বাজারজাতকরণ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা দৃশ্যমান নয়।
প্রতিবন্ধীদের উন্নয়নে সমাজের প্রতিটি স্তরে সচেতনতার তাগিদ দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী আরো বলেন, পর্যায়ক্রমে সব জেলায় প্রতিবন্ধীদের জন্য পরিচর্যা কেন্দ্র করা হবে। বিত্তবানদের সেখানে অনুদান প্রদান করার আহ্বান জানাই।
অনুষ্ঠানে সমাজের এ বিশেষ শিশুদের পরিবেশনায় মেতে উঠে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্র। দর্শক সারিতে বসে উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।





