বখাটের দ্বারা ছাত্রী উত্ত্যক্তের ঘটনায় দু’দিন ধরে ক্লাস বর্জন করে মাঠে অবস্থান নিয়েছে নেত্রকোনার কলমাকান্দার রামনাথপুর টিএস দাখিল মাদ্রাসার প্রায় সাড়ে পাঁচশ ছাত্র-ছাত্রী। গতকাল সোমবার থেকে ক্লাস চলাকালীন সময়ে এ অবস্থান কর্মসূচি চলছে।
অভিযুক্তরা হচ্ছে- মাদ্রাসা পার্শ্ববর্তী পোগলা গ্রামের নূরু মিয়ার ছেলে আরিফ (২০), এমদাদুল হকের ছেলে রাহুল (১৯), সাইফুল ইসলামের ছেলে সাজিদ (২০) ও আরো তিন-চার জন। লেখাপড়া ও অন্য কোন কাজ না করায় এলাকায় তারা বখাটে হিসেবেই পরিচিত।
ওই মাদ্রাসা সুপার মো. কেরামত আলী এসব তথ্য নিশ্চিত করে বলেন, অভিযুক্ত বখাটেরা পাঁচ-ছয় মাস ধরে নিয়মিত এ মাদ্রাসায় আসা-যাওয়ার পথে ২০-২৫ জন ছাত্রীকে উত্ত্যক্ত করছে। উত্ত্যক্তকারীদের একাধিক বার বলেও উত্ত্যক্তের ঘটনা থামানো যাচ্ছে না। তাই উত্ত্যক্তকারীদের বিচারের দাবিতে শিক্ষার্থীরা দু’দিন ধরে ক্লাস বর্জন করে মাঠে অবস্থান নিয়েছে।
তিনি আরো জানান, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের মাঠে অবস্থান নেয়া ও উত্ত্যক্তের বিষয়টি এখন কলমাকান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাকির হোসেনকে জানানো হয়েছে।
এ ব্যাপারে ইউএনও জাকির হোসেন বলেন, খুব দ্রুত এসব সমস্যা নিরসন করা হবে।





