পাকিস্তানে ভোটগ্রহণ চলছে

পাকিস্তানের সাধারণ নির্বাচনে বুধবার ভোটগ্রহণ চলছে

ছবি: ইন্টারনেট

এশিয়া

পাকিস্তানে ভোটগ্রহণ চলছে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৫ জুলাই, ২০১৮

পাকিস্তানে আজ বুধবার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। নানা ঘটনায় আলোচিত-সমালোচিত এই নির্বাচনের ফলাফলের দিকে শুধু দেশটির জনগণই নয়, বিশ্বের অনেকেরই নজর রয়েছে। সেনা কর্তৃত্বপরায়ণ দেশটিতে এখন পর্যন্ত কোনো নির্বাচিত প্রধানমন্ত্রী নির্ধারিত পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করতে পারেননি।

ডন ও বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হবে এবং চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। দেশটির নির্বাচন কমিশন জানায়, আজ বুধবার স্থানীয় সময় রাত ৮টা থেকেই নির্বাচনী ফলাফল ঘোষণা শুরু হবে।

এবারের নির্বাচনে মোট ভোটার প্রায় ১০ কোটি ৬০ লাখ। একই সঙ্গে তারা জাতীয় ও প্রাদেশিক পর্যায়ে ভোট দেবেন। দেশটির জাতীয় সংসদে আসন সংখ্যা ৩৪২। এর মধ্যে সংরক্ষিত আসন রয়েছে ৭০টি। সরাসরি নির্বাচন হবে ২৭২টি আসনে। সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে একক সরকার গঠন করতে হলে কোনো দলকে অন্তত ১৩৭টি আসন পেতে হবে।

এবারের নির্বাচনে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন), পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই), দ্য পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) এবং মুত্তাহিদা মজলিস-ই-আমল (এমএমএ) ছাড়াও ছোট ছোট কিছু দল অংশ নিচ্ছে। দুর্নীতির অভিযোগে কারাগারে থাকায় এবং সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞার কারণে নির্বাচনে অংশ নিতে পারছেন না দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও তার মেয়ে মরিয়ম।

এবারের নির্বাচনে মূলত ইমরান খানের পিটিআই ও নওয়াজের পিএমএল-এনের মধ্যে লড়াই হবে বলে মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা। অভিযোগ রয়েছে, ইমরান খানের দলকে জেতাতে নির্বাচনী ময়দানে কাজ করছে দেশটির সেনাবাহিনী।

সাবেক ক্রিকেটার ইমরান খান এবার পাঁচটি আসনে নির্বাচন করছেন। নওয়াজ শরিফের ভাই ও পিএমএল-এন প্রধান শাহবাজ শরিফ চারটি আসনে নির্বাচন করছেন। এ ছাড়া প্রথমবারের মতো নির্বাচন করছেন পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো। তিনটি আসনে লড়ছেন তিনি। বিলাওয়ালের বাবা পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি লড়ছেন একটি আসনে। তার মা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো এক নির্বাচনী সমাবেশে হামলায় নিহত হন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads