পটুয়াখালীতে করোনা রোগীদের অক্সিজেন সেবার লক্ষ্যে পটুয়াখালী প্রেসক্লাব উদ্যোগে 'করোনা যুদ্ধে আমরাও... এ শ্লোগানকে সামনে রেখে আজ শুক্রবার সদর রোডের প্রেসক্লাবে 'পটুয়াখালী প্রেসক্লাব অক্সিজেন ব্যাংক' এর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জালাল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জি.এম.সরফরাজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের আর.এম.ও ডাঃ ফাতেমাতুজ জোহরা বৃষ্টি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি সোহরাব হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শামসুর রহমান ইকবাল, সাবেক সাধারন সম্পাদক মো. জাফর খান, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম মোজাহিদুল ইসলাম নান্নু, সদস্য আতিকুল আলম সোহেল, চিন্ময় কর্মকার, বিলাস দাস, জাহাঙ্গীর হোসেনসহ অন্যান্য সাংবাদিকরা।
বক্তারা করোনা রোগীদের সেবায় দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী পটুয়াখালী প্রেসক্লাবের উদ্যোগে 'পটুয়াখালী প্রেসক্লাব অক্সিজেন ব্যাংক' কার্যক্রম চালু করায় সাধুবাদ জানান। এ কার্যক্রমে সাধ্যমত সহযোগিতা করার আশ্বাস দেন অতিথিরা।





