সাড়ে চার মাস পর খুলেছে সাফারি পার্ক

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

সাড়ে চার মাস পর খুলেছে সাফারি পার্ক

  • শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ২০ অগাস্ট, ২০২১

দেশে করোনা মহামারির পরিস্থিতির কারণে দেশের বিভিন্ন বিনোদন কেন্দ্রসহ সাফারি পার্ক বন্ধ রাখা হয়েছিল। এমনি পরিস্থিতির পর সাড়ে চার মাস পর দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ গাজীপুরের শ্রীপুরের  বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে আজ শুক্রবার । প্রথম দিন দর্শনার্থী ছিল হাতে গোনা।

করোনা পরিস্থিতির কারণে কয়েক দফা পার্কটি বন্ধ রাখা হয়েছিল। ফের উন্মুক্ত হলো সাফারি পার্ক।

সাফারি পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, করোনা পরিস্থিতিতে দ্বিতীয় বারের মতো স্বাস্থ্যগত নিরাপত্তা বিবেচনা করে এ বছরের ৩ এপ্রিল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয়।  আজ ২০ আগস্ট ফের শুক্রবার দ্বিতীয় দফা পার্ক খুলে দেওয়া হলো পর্যটকদের জন্য। তবে প্রথম দিন  দর্শনার্থী ছিল অল্প সংখ্যক। মূল ফটকের বাইরে টিকেট কাউন্টারে কোনো ভিড় চোখে পড়েনি । ভেতরে পাখিশালা ও কোর সাফারি অংশেও দর্শনার্থীর সংখ্যা হাতেগোনা। যে কোর  সাফারিতে ঢুকতে মানুষের লম্বা লাইনের সাড়ি থাকে সেখানেও ভিড় ছিল না।

একাধিক দর্শনার্থী জানান, অনেক দিন পর সাফারি পার্ক খুলেছে এ সংবাদটি মানুষের কাছে পৌঁছেনি। মুখে মুখে শোনা আশপাশের মানুষ আজ পার্কে ঘুরতে এসেছে। তবে আগামী সপ্তাহেই মানুষের ভির চোখে পড়বে। এর আগে বন্ধের পর খোলার সময় এমনি চিত্র চোখে পড়েছিল। 

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসিএফ) মো. তবিবুর রহমান বলেন, প্রথম দিন দর্শনার্থীর সংখ্যা তুলনামূলক কম ছিল। কারণ পার্ক খোলার সিদ্ধান্ত হয়েছে হঠাৎ করে। আশা করছি দ্বিতীয় দিন বা সামনের সপ্তাহেই প্রচুর দর্শনার্থী হবে পার্কে । পার্ক বন্ধকালীন সময়ে বেশ কিছু প্রাণীর জন্ম হয়েছে এমন খবর গণমাধ্যমের মাধ্যমে মানুষের কাছে পৌঁছার কারনে ভিন্ন আকর্ষণ রয়েছে তাদের মাঝে। তিনি বলেন সব ধরনের স্বাস্থ্যবিধি নিশ্চিত করেই পার্ক পরিচালনা করা হচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads