ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে একটি স্বার্থান্বেষী মহল ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও ডাকসুতে সংগঠনটির প্যানেলের ভিপি প্রার্থী রেজওয়ানুল হক চৌধুরী শোভন।
তিনি বলেন, ‘নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রোকেয়া হলে কেন্দ্রের ভেতরে নুরুল ও লিটন নন্দীকে মারধরের ঘটনা ভিত্তিহীন।’
আজ সোমবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। কয়েকটি প্যানেলের প্রার্থীদের নির্বাচন বর্জনের ঘোষণা ও ছাত্রলীগের অবস্থান তুলে ধরতে এই সংবাদ সম্মেলন করা হয়৷
সংবাদ সম্মেলনে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও ডাকসুতে ছাত্রলীগ প্যানেলের জিএস প্রার্থী গোলাম রাব্বানী বলেন, ‘সুন্দর পরিবেশে বাম সংগঠনসহ ছাত্রদলের বিভিন্ন নেতারা যে তাণ্ডব চালিয়েছে, তার নিন্দা জানাই৷’
বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলসহ নির্বাচনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাব্বানী বলেন, ‘কোন হলে কাকে বাধা দেওয়া হয়েছে সুনির্দিষ্টভাবে বলতে হবে। আমরা শতভাগ ভোট কাস্ট হোক সেটা চেয়েছি। সবাই যেন ভোট দিতে পারে সে জন্য আমরা আন্তরিক ছিলাম। যেখানেই অভিযোগ শুনেছি,আমরা ছুটে গিয়েছি এবং সমাধানের চেষ্টা করেছি।'
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন প্রমুখ।





