চকরিয়ায় উপজেলা নির্বাচন শান্তিপূর্ণ করতে সব ব্যবস্থা নেওয়া হবে : ইউএনও

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

চকরিয়ায় উপজেলা নির্বাচন শান্তিপূর্ণ করতে সব ব্যবস্থা নেওয়া হবে : ইউএনও

  • চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
  • প্রকাশিত ১১ মার্চ, ২০১৯

আগামী ১৮ মার্চ কক্সবাজারের চকরিয়া উপজেলায় অনুষ্ঠিত হবে উপজেলা পরিষদ নির্বাচন। আর এ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান।

সোমবার দুপুরে উপজেলা পরিষদের হল রুম মোহনা মিলনায়তনে অনুষ্ঠিত উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় তিনি একথা জানান।

সভায় চকরিয়াকে ইভটিজিং, বাল্যবিবাহমুক্ত এবং আধুনিক ও পরিচ্ছন্ন উপজেলা করারও ঘোষণা দেন ইউএনও শিবলী নোমান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মু শিবলী নোমানের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাতের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাংসদ আলহাজ্ব জাফর আলম।

সভায় বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভার মেয়র মো. আলমগীর চৌধুরী, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী, চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম. জাহেদ চৌধুরী, চকরিয়া পৌরসভার সচিব মোসউদ মোর্শেদ, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি তপন কান্তি দাশ ও চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক নুুরুল আখের প্রমূখ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ আলহাজ্ব জাফর আলম বলেন, সুন্দর ও আধুনিক চকরিয়া-পেকুয়া গড়ার জন্য আমি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি। এক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকাও অপরিসীম। তাই মিডিয়া কর্মীদেরকে সমাজের উন্নয়ন বঞ্চিত এলাকার কথা তুলে ধরার পাশাপাশি চকরিয়া-পেকুয়ায় বিশাল উন্নয়নের চিত্রও তুলে ধরতে হবে।

এ সময় চকরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন, আওয়ামী লীগ নেতা নুরুল আবছার, চিরিংগা ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দিন, কাকারা ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান শওকত ওসমান, লক্ষ্যারচর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছার, চকরিয়া প্রেসক্লাবের কার্যকরী সভাপতি ছোটন কান্তি নাথ, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ চকরিয়া উপজেলার সাধারণ সম্পাদক সাংবাদিক মুকুল কান্তি দাশসহ সরকারী-বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads