দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৩০ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বাংলাদেশে ২০ হাজার ৯৯৫ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হলো। আর করোনাভাইরাস আক্রান্ত হয়ে নতুন করে মৃত্যু হয়েছে ১৬ জনের।
গত ১৮ই মার্চ থেকে শুরু করে এ পর্যন্ত বাংলাদেশে করোনাভাইরাসে মারা গেছেন ৩১৪ জন।
শনিবার কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মোট ছয় হাজার ৭৮২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুন মারা যাওয়াদের মধ্যে সবাই পুরুষ।
স্বাস্থ্য অধিদপ্তরের এ কর্মকর্তা আরও জানান, নতুন করে ২৩৫ জন করোনা থেকে সুস্থ হওয়ায় মোট সুস্থ হয়েছেন চার হাজার ১১৭ জন।
এদিকে, মহামারি করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা শনিবার সকালে বেড়ে ৩ লাখ ৮ হাজার ৬৪৫ জনে দাঁড়িয়েছে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সারা বিশ্বে প্রাণঘাতী এ ভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪৬ লাখ ২৮ হাজার ৩৯৩ জন।





