আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগণনা শেষ পর্যায়ে। ফলে এটা মোটামুটি স্পষ্টই, এরপর কে বসবেন হোয়াইট হাউসের চেয়ারে। তবে পরাজয় মেনে নিতে না চাইলে আমেরিকার মানুষই ওদের হোয়াইট হাউস থেকে বার করে দেবেন। প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেনের প্রচার দলের পক্ষ থেকে গত শুক্রবার প্রেসিডেন্ট ডোনান্ড ট্রাম্পকে এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
নির্বাচনে জয়ী হওয়ার স্বপ্ন একটু একটু করে মিলিয়ে গেলেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে পরাজয় মেনে নেওয়ার বিন্দুমাত্র প্রস্তুতি দেখা যাচ্ছে না। তিনি নির্বাচনের ফলাফল মেনে নিতে চাইছেন না। তারই পরিপ্রেক্ষিতে এই হুঁশিয়ারি।
বাইডেনের প্রচার দলের মুখপাত্র অ্যান্ড্রু বেটস বলেন, আমরা গত ২৯ জুলাইয়েই বলেছিলাম আমেরিকার মানুষই এবারের নির্বাচনের মূল নির্ধারক শক্তি হবেন। আর আমেরিকার গণতান্ত্রিক সরকারের সেই ক্ষমতা রয়েছে যাতে হোয়াইট হাউস থেকে অবৈধ প্রবেশকারীদের সসম্মানে বার করে দেওয়া যেতে পারে।
পেনসিলভেনিয়া ও জর্জিয়াতেও বাইডেন এগিয়ে যাওয়ায় প্রেসিডেন্ট ট্রাম্পের পরাজয় এখন শুধুই আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
গত শুক্রবার এক বিবৃতিতে ভোট নিয়ে দীর্ঘ আইনি লড়াইয়ের পরিকল্পনার কথা জানিয়েছেন ট্রাম্প। ওই বিবৃতিতে তিনি বলেন, এটা আর কেবল একটি একক নির্বাচনের বিষয় নয়। এটা আমাদের সমগ্র নির্বাচনি প্রক্রিয়ার শুদ্ধতার বিষয়। যুক্তরাষ্ট্রের জনগণ যেন আমাদের সরকারের ওপর আস্থা পায় তা নিশ্চিত করতে আমরা এই প্রক্রিয়াকে আইনের যতগুলো দিক আছে সবগুলোর ভেতর দিয়ে নিয়ে যাব।
জো বাইডেন হুমকি দিয়েই রেখেছেন যে, ট্রাম্প হোয়াইট হাউস না ছাড়লে তাকে ঘাড় ধরে হোয়াইট হাউস থেকে বের করে দেবেন তিনি! জি নিউজ, আনন্দবাজার





