বদিউজ্জামান রাজাবাবু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের শংকরবাটি বটতলাহাট এলাকায় চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীকে মারধরের পর বিবস্ত্র করে উলঙ্গ অবস্থায় রাস্তায় ঘোরানো ও ধারণকৃত নগ্ন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধারণকৃত নগ্ন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর ঘটনার ৭ দিনের মাথায় ওই ব্যবসায়ী রবিবার (১৮ ডিসেম্বর)
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেন। তবে পুলিশ ভাইরাল হওয়া ভিডিও দেখে শনিবার রাতেই ৩ জনকে গ্রেপ্তার করেন। মামলার এজাহারে ওই ভুক্তভোগী ব্যবসায়ী অভিযোগ করেন, গত ১১ ডিসেম্বর রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার জয়নগর মিরপাড়ার রায়হান আলীর বাড়িতে পাওনাকৃত ৩০ হাজার টাকা চাইতে গেলে পরিকল্পিতভাবে তাকে আটকিয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে রাজি না হলে তারা মারধরের পর তাকে বিবস্ত্র করে নগ্ন অবস্তায় রাস্তায় রাস্তায় ঘোরানো হয়। বিবস্ত্র করে রাস্তা ঘোরানোর সময় মোবাইল ফোনে তা ভিডিও ধারণ করে। মামলার অভিযোগে বলা হয়, পরে মোবাইলে ধারণকৃত ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকী দিয়ে আরো এক লাখ টাকা চাঁদা দাবি করে। তাদের দাবী পূরণ না হওয়ায়, নগ্নকৃত ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আলমগীর জাহান জানান, শনিবার রাত ৯টার দিকে ভিডিও ভাইরাল হওয়ার বিষয় জানতে পেরে পুলিশ রাতেই ৩ জনকে গ্রেপ্তার করে। এরমধ্যে একজনের মোবাইল ফোনে ওই রাতের ধারণ করা ভিডিও পাওয়া যায়। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, এঘটনায় পুলিশ ৭ জনকে সনাক্ত করেছে। বাকীদের সনাক্তে পুলিশ কাজ করছে।





