এইচএসসি পরীক্ষার সিদ্ধান্ত হতে পারে আজ

ফাইল ছবি

জাতীয়

এইচএসসি পরীক্ষার সিদ্ধান্ত হতে পারে আজ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ৭ অক্টোবর, ২০২০

মহামারি করোনাভাইরাসের কারণে স্থগিত থাকা উচ্চ মাধ্যমিক (এইচএসসি) বা সমমানের পরীক্ষা কবে হবে-সে বিষয়ে আজ বুধবার সিদ্ধান্ত জানা যেতে পারে। গতকাল মঙ্গলবার বা তার আগের দিন সোমবার এ সিদ্ধান্ত জানানোর কথা থাকলেও তা জানাতে পারেনি শিক্ষা মন্ত্রণালয়।

গতকাল শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, ‘আপনাদের (সাংবাদিক) সময় জানিয়ে দেব। যখন সময় জানানো হবে তখন বিস্তারিত জানানো হবে। আজ (গতকাল) জানাতে পারব না। হয়তো কাল আপনাদের সঙ্গে কথা বলব।’

শিক্ষা মন্ত্রণালয় এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, আগামী মাসে এই পরীক্ষা নেওয়া যায় কি না তা নিয়েই মূলত আলোচনা চলছে। তবে কোনো দিনক্ষণ চূড়ান্ত হয়নি।

শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরুর চিন্তা আছে। সে লক্ষ্যে প্রস্তুতি চলছে। চিন্তা অনুযায়ী পরীক্ষার জন্য পূর্ণমান ১০০ নম্বরের পরিবর্তে ৫০ শতাংশের মধ্যে প্রতিটি বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।

তিনি বলেন, মোট বিষয় কমানোর চিন্তাও আছে। শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা ভেবে এ চিন্তা শেষ পর্যন্ত বাস্তবায়ন না করে সময়োপযোগী ভিন্ন কোনো উপায়ে পরীক্ষা আয়োজন করা হতে পারে।

এদিকে গত ৩০ সেপ্টেম্বর এইচএসসি ও সমমান পরীক্ষা-সংক্রান্ত বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, এইচএসসি পরীক্ষার্থীদের অনেক পরীক্ষা না নিয়ে আগের পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করে সার্টিফিকেট দেওয়ার প্রস্তাব অনেকে করছেন। এটিকেও আমরা গুরুত্ব দিচ্ছি, এটি একটি প্রস্তাব হতে পারে। তবে পরীক্ষা ছাড়া সার্টিফিকেট দিলে তারা যখন চাকরি নিতে যাবে তখন তাদের বলা হবে, ‘ও তোমরা ২০২০ সালের পরীক্ষা ছাড়া পাস করা ব্যাচ।’ এমন পরিস্থিতি যেন তৈরি না হয় সে জন্য পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

গত ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনার বিস্তার রোধ ও শিক্ষার্থীদের নিরাপদ রাখতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। গত ৮ মার্চ দেশে করোনা রোগী শনাক্তের পর গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে কওমি মাদরাসা খুলে দেওয়া হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads