মেসি এখন পিএসজির

সংগৃহীত ছবি

খেলা

সপরিবারে বার্সেলোনা ছেড়ে প্যারিসে

মেসি এখন পিএসজির

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১০ অগাস্ট, ২০২১

বিশ্বের সেরা ফুটবলার লিওনেল মেসি এখন আর বার্সেলোনার খেলোয়াড় নন। এমনকি তিনি এখন স্প্যানিশ শহরটিতেও নেই। স্ত্রী এবং তিন পুত্রকে নিয়ে এই তারকা ফুটবলার চলে গেছেন ফ্রান্সের রাজধানী প্যারিসে। সেখানে প্রিয়বন্ধু নেইমারদের দল প্যারিস সেইন্ত জার্মেইন (পিএসজি) দলের সদস্য হয়ে গেছেন। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে তিনি বার্সেলোনা থেকে প্যারিস পৌঁছেন। পিএসজি মেসির সঙ্গে তাদের চুক্তিসহ সমস্ত বিষয় সংবাদ সম্মেলনের মধ্যদিয়ে প্রকাশ করবে আগামীকাল বুধবার। 

মেসি যাওয়ার কয়েক ঘণ্টা আগে থেকেই প্যারিসের বিমানবন্দরের সামনে জড়ো হতে থাকেন পিএসজি সমর্থকরা। ‘মেসি’, ‘মেসি’ চিৎকারে বিমানবন্দর এলাকা মাতিয়ে তোলেন তারা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে সেসব ভিডিও। মেসির জন্য প্যারিস বিমানবন্দরে লাল গালিচাও বিছানো হয়।

আগেই সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করেছিল পিএসজিতেই যাচ্ছেন মেসি। ফ্রান্সের পথে রওনা দিতে বেশিক্ষণ দেরি করেননি আর্জেন্টাইন অধিনায়ক। মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল ৫টায় বার্সেলোনার এয়ারপোর্ট থেকে ব্যক্তিগত বিমানে পরিবার নিয়ে ফ্রান্সের পথে রওনা দেন।

বিমানবন্দরে মেসির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে পোস্ট করেছে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওআইসি স্পোর্টস। যেখানে দেখা যায়, তিন ছেলে সিরো, মাতেও ও থিয়েগো মেসি এবং স্ত্রী আন্তেনেল্লো রোকুজ্জেকে নিয়ে একটি কালো গাড়ি থেকে নামছেন লিওনেল মেসি। পরে দেখা যায় তাদের সঙ্গে আছেন মেসির বাবা ও তার অ্যাজেন্ট জর্জে মেসি।

সবার আগে মেসির পিএসজিতে যাওয়ার খবর নিশ্চিত করেন ক্রীড়া সাংবাদিক ও ট্রান্সফার বিশেষজ্ঞ ফ্যাব্রিসিও রোমানো। গতকাল তিনি জানান, বার্ষিক ৩৫ মিলিয়ন ইউরো (বাংলাদেশের হিসেবে প্রায় সাড়ে তিনশ কোটি টাকা) বেতনে পিএসজিতে যোগ দিচ্ছেন মেসি।

২১ বছরের সম্পর্কের অবসান ঘটিয়ে মেসিকে ছাড়ার ঘোষণা গত রোববার দেয় বার্সেলোনা। তারা জানিয়েছিল, নতুন চুক্তির জন্য প্রস্তুত দুই পক্ষই। কিন্তু পুরোপুরি আর্থিক কারণেই বার্সেলোনার সঙ্গে চুক্তি নবায়ন করা সম্ভব হয়নি। ২৫ মিলিয়ন ইউরো বেতন প্রস্তাব দেওয়ার জন্য বার্সার কমাতে হতো ১০০ মিলিয়ন ইউরোর বেতন।

বার্সায় স্বপ্নের মতো সময় কাটিয়েছেন মেসি। জিতেছেন ১১ লা লিগা, ৮ স্প্যানিশ সুপার কাপ, ৬ কোপা দেলরে ও ৪টি চ্যাম্পিয়ন্স লিগ। ২০০৪ সাল থেকে ২০২১ এই সময়ে বার্সার হয়ে খেলে মেসি করেছেন ৭০৯ গোল। ক্লাবটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। সর্বকালের সেরা খেলোয়াড়ও বলা যায়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads