‘আগামী’ আয়োজিত দেয়াল পত্রিকা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সংগৃহীত ছবি

জাতীয়

‘আগামী’ আয়োজিত দেয়াল পত্রিকা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ৪ মে, ২০১৯

শিশুদের মেধা ও মনন বিকাশে আয়োজিত ‘প্রয়াস’ নামে দেয়াল পত্রিকা প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ করেছে ‘আগামী এডুকেশন ফাউন্ডেশন-এএইএফ’। এ উপলক্ষে গতকাল শনিবার রাজধানীর কলাবাগানে ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ে এক বর্নাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বিভিন্ন বিদ্যালয়ের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, আগামী এডুকেশন ফাউন্ডেশনের নির্বাহী কমিটির সদস্য, স্বেচ্ছাসেবক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ‘আগামী এডুকেশন ফাউন্ডেশন-এএইএফ’ আগামী ইনকর্পোরেটেডের সহযোগী প্রতিষ্ঠান।

অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথি ও উপস্থিত সবার উদ্দেশে স্বাগত বক্তব্য রাখেন এইএফের নির্বাহী পরিচালক নাফিসা খানম। পরে পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের গুণগত ও মানসমম্মত শিক্ষা নিশ্চিতকরণে আগামী’র সম্ভাব্য ক্ষেত্রগুলো তুলে ধরার পাশাপাশি মেধার বিকাশে সহশিক্ষাক্রমিক কার্যক্রমের উপযোগিতা ব্যাখ্যা করেন তিনি। এছাড়াও উল্লিখিত উপস্থাপনায় দেয়াল পত্রিকা আয়োজনের পটভূমি থেকে শুরু করে বিচার প্রক্রিয়াসহ অন্যান্য বিষয় তুলে ধরেন।

এইএফের অন্তর্গত বিদ্যালয়গুলোতে সহ-শিক্ষাকার্যক্রমের প্রসার এবং কোমলমতি শিক্ষার্থীদের মেধা-মনন বিকাশের পাশাপাশি সহ-শিক্ষার ফলপ্রসূতা বাড়ানোর লক্ষ্যে ২০১৯ সালের মার্চ মাসে তৃতীয়বারের মতো দেয়াল পত্রিকা প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতার উপজীব্য বিষয় ছিল ‘স্বাধীনতা দিবস’। আগামীর অর্থায়নে পরিচালিত বিভিন্ন বিদ্যালয়ের মধ্য থেকে ১০টি বিদ্যালয়ের মোট ৬০ জন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নেয়। অংশগ্রহণকারীদের মধ্যে তিনটি বিভাগে মোট ২৭ জন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়। এ ছাড়াও প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ৪টি বিদ্যালয়কে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

প্রতিযোগিতায় ঢাকার পিএসডি-পেয়ারাাবাগ স্কুল যথাক্রমে ‘ক’ ও ‘খ’ বিভাগে এবং ‘মিউজিক ফর ডেভলপমেন্ট-সুরের ধারা’ ‘গ’ বিভাগে প্রথম স্থান অধিকার করে। পরে আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে অংশগ্রহণকারী সকল প্রতিযোগীর মধ্যে পুরস্কার বিতরণ ও সনদপত্র প্রদান করা হয়।

পুরস্কার বিতরন শেষে অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন আগামী এডুকেশন ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ড. মসিহুজ্জামান। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads