কুষ্টিয়া প্রতিনিধি:
মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়া চেয়ারম্যান পদপ্রার্থী আবু আহাদ আল মামুন। এ বিষয়ে ওই প্রার্থী তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোষ্ট দিয়ে হুমকি দেয়ার পর থেকে ভয়ে আত্মগোপনে থাকার কথা জানিয়েছেন। তবে তিনি নির্বাচনে প্রার্থী হিসেবে মাঠে থাকবেন জানিয়ে দোয়া চেয়েছেন। আজ সোমবার(২২ এপ্রিল) প্রথম ধাপে কুষ্টিয়ার সদর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ছিল।
আবু আহাদ আল মামুন তার ফেসবুক পোষ্টে লেখেন, “প্রিয় কুষ্টিয়া সদর উপজেলাবাসী আমি ও আমার পরিবার শঙ্কার মধ্যে আছি। ঝাউদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী, মজিদ মেম্বর, জেলা পরিষদ সদস্য জহুরুল আমাকে উপজেলা চেয়ারম্যান পদের প্রার্থিতা প্রত্যাহার করার জন্য হুমকি দিচ্ছে ও আমার ঢাকার বাসা সহ বিভিন্ন জায়গায় আমাকে খুঁজে বেড়াচ্ছে। জেলা পরিষদের সদস্য জহুরুল আমার প্রার্থিতা প্রত্যাহার করে নিতে বলেছে তা নাহলে আমি ও আমার পরিবারের বড় ধরনের ক্ষতি করে দিবে। জেলা পরিষদ সদস্য জহুরুলের ফোন থেকে মাহবুবউল আলম হানিফ এমপি মহোদয়ের চাচাতো ভাই আতাউর রহমান আতা আমাকে প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ার জন্য বলেছে। আমি এখন তাদের ভয়ে আত্মগোপনে আছি। আমি উপজেলা নির্বাচনে প্রার্থী হিসেবে আছি এবং থাকবো। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।”
এর আগে ১৫ এপ্রিল(সোমবার) এই উপজেলায় সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়নপত্র দাখিল করেন। তারা হলেন বর্তমান চেয়ারম্যান পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা,জেলা জামায়াতের সেক্রেটারী সুজাউদ্দিন জোয়ার্দ্দর ও বাংলাদেশ জনতা ফ্রন্টের চেয়ারম্যান আবু আহাদ আল মামুন। এদের মধ্যে জেলা জামায়াতের সেক্রেটারী সুজাউদ্দিন জোয়ার্দ্দর আগেই তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। আতাউর রহমান আতা বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের এমপি মাহবুবউল আলম হানিফের চাচতো ভাই। তিনি ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য কেউ চাপ প্রয়োগ করেছে কিনা জানতে চাইলে জেলা জামায়াতের সেক্রেটারী সুজাউদ্দিন জোয়ার্দ্দর জানান,দল থেকে মনোনয়ন প্রত্যাহারের নির্দেশনা ছিল। আমাকে প্রত্যাহারের জন্য কেউ হুমকি দেইনি।
চেয়ারম্যান পদপ্রার্থী আবু আহাদ আল মামুন ,আমি বাংলাদেশ জনতা ফ্রন্ট-এর চেয়ারম্যান। উপজেলা পরিষদ নির্বাচনে কুষ্টিয়া সদর থেকে চেয়ারম্যান প্রার্থী হয়েছি। আজ (সোমবার) ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষদিন। আমার প্রার্থীতা প্রত্যাহারের জন্য মাহবুবউল আলম হানিফ এমপি মহোদয়ের চাচাতো ভাই আতাউর রহমান আতাসহ বেশ কয়েকজন আমাকে হুমকি দিয়েছে। আমি বাধ্য হয়ে নিরাপত্তার জন্য আত্মগোপনে রয়েছি। আমি নির্বাচনে অংশ গ্রহণ করবো। ফেসবুকে পোষ্ট দেয়ার ব্যাপারে বলেন,নিরাপত্তার খাতিরে বাধ্য হয়েছি। হুমকির বিষয়ে নির্বাচন অফিসার বরাবর অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
তবে এ বিষয়ে জানতে বর্তমান চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতার মুঠোফোনে কল দিলে তিনি রিসিভ করেননি।
কুষ্টিয়া জেলা নির্বাচন অফিসার মুহাম্মদ আবু আনসার ,সদর উপজেলায় চেয়ারম্যান পদে একজন প্রার্থীতা প্রত্যাহার করেছে। এখন পর্যন্ত কোন প্রার্থীর কাছ থেকে হুমকি দেওয়ার কোন অভিযোগ পাইনি।
জেলা নির্বাচন অফিসের সর্বশেষ ভোটর তালিকা হালনাগাদ তথ্য অনুযায়ী সদর উপজেলায় মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১৫ হাজার ৯৪ জন। যার মধ্যে ২ লাখ ৫ হাজার ১৫৫ জন পুরুষ,২ লাখ ৯ হাজার ৯৩৬ জন মহিলা এবং ৩ জন হিজড়া ভোটার রয়েছে।





