হাতীবান্ধায় বিএনপি-জামায়াতের ৩৭ জন নেতাকর্মী গ্রেফতার

গ্রেফতারকৃত বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের গ্রেফতার করে থানায় নেওয়া হচ্ছে

ছবি : বাংলাদেশের খবর

অপরাধ

হাতীবান্ধায় বিএনপি-জামায়াতের ৩৭ জন নেতাকর্মী গ্রেফতার

  • প্রকাশিত ২৬ ডিসেম্বর, ২০১৮

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধায় বিএনপি ও জামায়াতের ৩৭ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সরকারী কাজে বাধাসহ বিভিন্ন দন্ডবিধিতে গতকাল রাতে পুলিশ বাদী  হয়ে স্থানীয় থানায় একটি মামলা দায়ের করেছে। এদের মধ্যে উপজেলার ভেলাগুড়ি ইউনিয়ন বিএনপি'র সভাপতি রাফিউদ্দারাজ রানু মিয়া, সম্পাদক বাদলসহ বিএনপির ৩২ জন এবং জামায়াতের ৫ জন নেতাকর্মী রয়েছে বলে থানা পুলিশ জানিয়েছে।  

গতকাল মঙ্গলবার হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের উত্তর জাওরানী গ্রামের ছাতুর দিঘি বাজার সংলগ্ন এক বিএনপি নেতার বাড়িতে ধানের শীষ প্রতীকের উঠান বৈঠক চলাকালীন সময় বাড়িটি ঘিরে রাখে পার্শ্ববর্তী জাওরানী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাম্পের সদস্যরা। পরে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে  মোট ৭৯ জনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য বিকেল ৫ টার দিকে হাতীবান্ধা থানায় নিয়ে যায়।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ওমর ফারুক সাংবাদিকদের জানান, ‘সীমান্ত এলাকায় বৈঠকের বিষয়টি সন্দেহ হলে বিজিবি ওই বৈঠকটি ঘিরে রেখে পুলিশকে খবর দেয়। সেখান থেকে ৭৯ জনকে জিজ্ঞসাবাদের জন্য থানায় নেয়া হয়। জিজ্ঞাসাবাদ শেষে ৩৭ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে অবশিষ্টদের ছেড়ে দেয়া হয়েছে।

এ ব্যাপারে বিএনপির প্রার্থী ব্যারিস্টার হাসান রাজীব প্রধান জানান,  ‘মঙ্গলবার বেলা ১১ টার দিকে ভেলাগুড়ি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ছাতুর দিঘী বাজার সংলগ্ন আমিনের বাড়িতে ধানের শীষের উঠান বৈঠক চলছিল। কিন্তু হঠাৎ করেই ওই বাড়িটি বিজিবি ঘিরে ফেলে। পরে সেখান থেকে বিএনপির বিভিন্ন পর্যায়ের ৭৯ জন নেতাকর্মীকে আটক করা থানায় নিয়ে যাওয়া হয়। এসব নেতাকর্মীদের কারো বিরুদ্ধে কোনো গ্রেফতারি পরোয়ানা নেই উল্লেখ করে বিএনপি প্রার্থী রাজীব বলেন, বিষয়টি নিয়ে পুলিশের সাথে কথা বলছি।

জেলা রির্টানিং কর্মকর্তা ও লালমনিরহাট জেলা প্রশাসক শফিউল আরিফ সাংবাদিকদের জানান, ‘সীমান্ত এলাকায় বৈঠক করায় সন্দেহ জনকভাবে বিজিবি তাদেরকে ঘিরে রেখে থানা পুলিশকে অবগত করে। তবে তারা কারা এবং কি কারনে বৈঠক করছিল। বিষয়টি তদন্ত করে পুলিশকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। তবে নির্দোষ লোককে গ্রেফতার না করতেও বলা হয়েছে’।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads