সারা দেশ

হাটহাজারীতে আশ্রয়ণ প্রকল্পের ৪০ ঘরের বিদ্যুৎ তার গায়েব!

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২২ মে, ২০২৩

মুহাম্মদ জাহাঙ্গীর আলম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম:
হাটহাজারীর পৌরসভার আলমপুর পাহাড়ী এলাকায় আশ্রয়ণ প্রকল্পের নব নির্মিত ৪০টি ঘরের বিদ্যুৎ খুটি থেকে সার্ভিস তার চুরির অভিযোগ উঠেছে। সরকারের ভুমিহীনদের জন্য নির্মাণ করা ঘরের বিদ্যুৎ তার চুরি হওয়ায় স্থানীয়নের মাঝে চলছে আলোচনা সমালোচনা। সপ্তাহ পার হলেও এখনো বিদ্যুৎ তারের কোন হদিস মেলেনি। বিদ্যুৎ সংযোগ ছাড়াই ঘরগুলো পড়ে আছে এখনো। তবে নৈশ প্রহরী থাকার পরেও কি ভাবে এতগুলো ঘরের বিদ্যুৎ তার চুরি হয়েছে তা নিয়েও রয়েছে নানান প্রশ্ন এলাকার জনসাধারনের। চুরি হওয়া বিদ্যুত তারের মূল্য প্রায় ৫০হাজার টাকা বলে সুত্রে প্রকাশ। গত সপ্তাহে এ ঘটনা সংগঠিত হলেও এ ঘটনার কোন সুরাহা হয়নি। তবে ইউএনও জানিয়েছেন এ চুরির ঘটনায় থানা পুলিশ ও প্রশাসন জোর তৎপরতা চালাচ্ছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, পৌর এলাকার আলমপুরের অংশে প্রায় ১০টি ঘরের মধ্যে এখনো কাজ চলমান রয়েছে। উপজেলা প্রশাসন এখানে চার ধাপে মোট ২৬১টি ঘর বুঝিয়ে দিলেও অনেক পরিবার বসবাব না করাতে কার্যত ঘরগুলো খালি পড়ে আছে। এ সুযোগ কাজে লাগিয়ে দূর্বৃত্তের একটি চক্র ৪০টি ঘরের বিদ্যুৎ তার চুরি করে কেটে নিয়ে যায়। নৈশ প্রহরীর যোগসাজশে এ চুরি সংঘটিত হয়েছে কিনা এমনও প্রশ্ন তুলেছে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন ব্যক্তি। নৈশ প্রহরীর দায়িত্বে অবহেলার কারনে এ চুরির ঘটনা ঘটেছে বলেও তারা দাবি করেন। সরেজমিনে গিয়ে এ ঘরগুলোতে কোন পরিবারকে পাওা যায়নি।
এ বিষয়ে নৈশ প্রহরীর সাথে কথা বলতে গেলে তিনি সাংবাদিকদের এড়িয়ে যান। তবে কৌশলে জিজ্ঞাসা করলে বলেন, ৪০টি ঘরের বিদ্যুৎ তার মিটারের গোড়া থেকে কেটে নিয়ে যায় চোরের দল। সেদিন রাতে ঘুর্ণিঝড় মোখার তান্ডবের ভয়ে আমি নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছিলাম। তাই কি ভাবে চুরি হয়েছে আমি জানিনা।
এ বিষয়ে উপজেরা পিআইও অফিসের উপ—প্রকল্প প্রকৌশলী আহসানুল হক জানান, গত সপ্তাহে আলমপুরে আশ্রয়ন প্রকল্পের ৪০টি ঘরের মিটার সংযুক্ত বিদ্যুৎ খুটি থেকে তার সার্ভিস তার চুরি হয়েছে। যার আনুমানিক মূল্য ৪০ থেকে ৫০হাজারের মত। আপনারা বিস্তারিত জানতে ইউএনও স্যারের সাথে যোগাযোগ করেন।
জানতে চাইলে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন সবুজ বলেন এ চুরির ঘটনা ইউএনও মহোদয় জানিয়েছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।
বিদ্যুৎ তার চুরির বিষয় জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহিদুল আলম বলেন ৪০টি ঘরের বৈদ্যুতিক তার চুরি হয়েছে তা আমরা অবগত আছি। আমরা তার জন্য ব্যবস্থা নিচ্ছি। তিনি আরো বলেন ঘূর্ণিঝড় মোখার কারণে সবাই যখন নিরাপদ স্থানে চলে গেছে, তেমনি ভাবে নৈশ প্রহরীও নিরাপদ স্থানে চলে গেছে। এই সুবাদে চোর চক্র সুযোগটি কাজে লাগিয়ে চুরি সংঘটিত করেছে। তিনি বলেন হাটহাজারী মডেল থানার ওসি এবং প্রশাসন এ ঘটনায় জড়িতদের সনাক্ত করে আইনি ব্যবস্থা নিতে জোর তৎপরতা চালাচ্ছে।
এ বিষয়ে চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্টে্রট আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান গণমাধ্যমকে বলেন তার চুরির বিষয়ে আমি জানিনা। তবে ঘরের তার চুরি হলে সরকার যাদের ঘর দিয়েছে ওরাই সেটা মেরামত করবে। সরকার তাদের মাথা গোঁজার ঠাঁই করে দিয়েছেন,ঘরের তার চুরি হয়েছে সেটা তারা নিজেরাই দেখে শুনে রাখতে হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads