২০১৭ সালের ‘সেরা কণ্ঠ’র শীর্ষস্থানীয় কয়েকজনের মধ্যে একজন কানিজ খাদিজা তিন্নি। প্রতিযোগিতার একটি বিশেষ পর্বে তিনি গেয়েছিলেন শিবলী সাদিক পরিচালিত ‘আনন্দ অশ্রু’ সিনেমার ‘তুমি আমার এমনই একজন’ গানটি। গানটি গাওয়ার সময় অতিথি বিচারক হিসেবে উপস্থিত ছিলেন গানটির গীতিকবি ও সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল। তিন্নির কণ্ঠে গান শুনে তিনি এতটাই মুগ্ধ হয়েছিলেন, ‘সেরা কণ্ঠ ২০১৭’র চূড়ান্ত পর্বে যদি তিন্নি বাদ পড়ে যান তাহলে খুব অন্যায় হয়ে যাবে বলে মন্তব্য করেছিলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল।
কিন্তু তারপরও নিয়মের ধারাবাহিকতায় বাদ পড়তে হলো তিন্নিকে। কিন্তু থেমে যাননি তিন্নি। যার মধ্যে সংগীতের এক দুর্নিবার সম্ভাবনা খুঁজে পেয়েছিলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল সেই তিন্নি এখন স্টেজ শো নিয়েই বেশি ব্যস্ত থাকেন সংগীতে নিজের যোগ্যতা দিয়েই। আগামী ৫ ও ১৭ সেপ্টেম্বর দুটি স্টেজ শোতে পারফর্ম করবেন তিনি। যদিও বা এখনো তিন্নির মৌলিক কোনো গান প্রকাশিত হয়নি। কিন্তু তারপরও তিন্নি আশাবাদী হয়তো ভালো কিছু অপেক্ষা করছে সামনে। মাত্র চার বছর বয়সেই গুনগুনিয়ে গান গাইতে পারতেন।
ছয় বছর বয়সে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে পাঁচ বছরের সংগীতের কোর্সে ভর্তি হওয়ার আগেই গানে তার হাতেখড়ি হয় শিল্পকলার শিক্ষক মায়া ঘোষের কাছে। তার গানের বড় অনুপ্রেরণা বাবা কাওসার ইমাম ও মা রুনা লায়লা। গানে তার আদর্শ শাহনাজ রহমতুল্লাহ, মিতালী মুখার্জি ও লতা মুঙ্গেশকর। ভালো লাগে রুনা লায়লা ও সামিনা চৌধুরীর গান। তিন্নি চার বছর ড. রেজওয়ান আলীর কাছে উচ্চাঙ্গসংগীতে তালিম নিয়েছেন। পরবর্তী সময়ে ২০১৭-তে ‘সেরা কণ্ঠ’-তে প্রতিযোগিতায় নাম লেখান তিনি। সেরা কণ্ঠের জার্নিটা নিজেকে পেশাগত সংগীতশিল্পী হিসেবে গড়ে তুলতে দারুণভাবে সহযোগিতা করেছে বলে তার ভাষ্য। কষ্ট নেই চূড়ান্ত পর্যায়ে কিছু না হতে পেরে।
তিন্নি বলেন, ‘অনেক বিখ্যাত শিল্পী হওয়ার বাসনা নেই। কিন্তু খুব ভালো একজন মানুষ হতে চাই যাতে আমার বাবা-মা গর্ব করতে পারেন। আর খুব ভালো একজন শিল্পী হতে চাই, চাই শুদ্ধ সুরে সঠিকভাবে গান গাইতে।’ তিন্নির নিজস্ব ব্যান্ড দলের নাম ‘টি ক্রু’ (T-Crew)। দলপ্রধান ও ভোকালে তিন্নি, বোর্ডিস্ট হিসেবে তাফসির, লিড গিটারে মোর্শেদ, বেজে সাজ্জাদ ও ড্রামার আশরাফুল। দলটির উপদেষ্টা নিজাম দেওয়ান। সেরা কণ্ঠের বিভিন্ন পর্যায়ে তিন্নি গেয়েছেন ‘যে ছিলো দৃষ্টির সীমানায়’, ‘সুখ পাখিরে’, ‘তুমি বিনে আকুল পরাণ’, ‘যে প্রেম স্বর্গ থেকে এসে’, ‘তুমি আমার এমনই একজন’ ও ‘আরো কিছু দাওনা দুঃখ আমায়’।





