সিরাজগঞ্জে আ.লীগ ও বিদ্রোহী প্রার্থীর মধ্যে সংঘর্ষ, আহত ১৫

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

সিরাজগঞ্জে আ.লীগ ও বিদ্রোহী প্রার্থীর মধ্যে সংঘর্ষ, আহত ১৫

  • সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ৩ মার্চ, ২০১৯

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বিদ্রোহী প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি মাইক্রোবাস ও মোটরসাইকেল ভাংচুর করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নয় রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে এবং ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ১১জনকে আটক করে।

আজ রোববার বিকেলে উপজেলার ধানগড়া সদর বালিকা উচ্চ বালিকা বিদ্যালয় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ধানগড়া সদর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট ইমন তালুকদারের নির্বাচনী জনসভা চলছিল। একই সময়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা ছাত্রলীগের সভাপতি গোলাম হোসেন শোভন সরকারের একটি প্রচার মিছিল স্কুলের সামনে যাবার সময় আওয়ামী লীগের সমাবেশে ইট পাটকেল নিক্ষেপ করলে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে দুই গ্রুপ সংঘর্ষে লিপ্ত হয়। এসময় ইটপাটকেলের আঘাতে ধামাইনগর ইউনিয়ন আ’লীগের সাধারণ নুরুল ইসলাম নয়ন ও মিলনসহ অন্তত ১৫ জন আ’লীগ কর্মী আহত হয়। সংঘর্ষে বেশ কয়েকটি মাইক্রোবাস ও মোটর সাইকেল ভাংচুর করা হয়।

এ বিষয়ে বিদ্রোহী প্রার্থী শোভন সরকার জানান, মিছিল নিয়ে যাবার সময় সমাবেশ থেকে আওয়ামী লীগ প্রার্থীর লোকজন মিছিলে হামলা চালিয়ে আমার কর্মীদের মারপিট করেছে এবং আমার কর্মীদের ৪/৫টি মোটরসাইকেল ভাংচুর করেছে। পুলিশ আওয়ামীলীগের পক্ষ নিয়ে আমার বড় ভাইসহ কয়েকজন কর্মীকে আটক করেছে।

এ বিষয়ে আওয়ামীলীগ প্রার্থী ইমন তালুকদার জানান, শোভনের নেতৃত্বে মিছিল নিয়ে এসে কর্মী সভায় হামলা চালানো হয়। সমাবেশে আসা জেলা আওয়ামীলীগের নেতাদের কয়েকটি মাইক্রোবাস ভাংচুর করেছে ও নেতাকর্মীদের মারপিট করা হয়।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পঞ্চনন্দ সরকার জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সিরাজগঞ্জ জেলা পরিষদের সদস্য ও উপজেলা সাধারণ সম্পাদক গোলাম হাসান সুমন সরকারসহ ১১জনকে আটক করা হয়েছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads