‘সত্যি বলতে কি আমার কাছে মনে হয় যে সালমান শাহ এযাবৎকালে আমাদের সিনেমা জগতের সবচেয়ে ফ্যাশনেবল নায়ক। সেই সময়েই তিনি ফ্যাশনে এতটাই বিপ্লব ঘটিয়েছিলেন যে আজো কেউ তার ঊর্ধ্বে যেতে পারেননি। আমার কাছে মনে হয় তিনি অনেক সাহসী ছিলেন। কারণ সাহসী না হলে বিপ্লবী হওয়া যায় না। আর তাই ফ্যাশনে তিনি সেই বিপ্লব ঘটাতে পেরেছিলেন। এমন হ্যান্ডসাম একজন নায়কের অভিনয় দেখার খুউব সুযোগ হয়নি। তবে তার অনেক গান উপভোগ করেছি। সেসব গানই মনে গেঁথে আছে। তার মৃত্যুবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা রেখেই গানগুলো গাওয়ার চেষ্টা করব।’ কথাগুলো বলছিলেন এই প্রজন্মের শ্রোতানন্দিত কণ্ঠশিল্পী সানজিদা মাহমুদ নন্দিতা। সালমান শাহকে নিয়ে সরাসরি অনুষ্ঠানে গান গাওয়া প্রসঙ্গে তিনি এ কথা বলেন। আগামী ৬ সেপ্টেম্বর রাত আটটা থেকে নাগরিক টিভিতে প্রায় দশটা পর্যন্ত সরাসরি সংগীত পরিবেশন করবেন নন্দিতা। তার সঙ্গে আরো থাকবেন জনপ্রিয় সংগীতশিল্পী আগুন।
এ ছাড়া আগামীকাল বৈশাখী টেলিভিশনের একটি অনুষ্ঠানের রেকর্ডিং-এ অংশ নেবেন নন্দিতা। কিছুদিন আগে নন্দিতা তার দুই বান্ধবীসহ সিঙ্গাপুরে ঘুরতে গিয়েছিলেন। সেখান থেকে ফিরে এসেই আবারো ব্যস্ত হয়ে উঠেছেন তার পেশাগত কাজ নিয়ে। এদিকে এনামুল করিম নির্ঝরের ‘কানসুঁতা’ প্রজেক্টের চতুর্থ সিজনের সাতটি গান গাইছেন নন্দিতা। এরই মধ্যে তিনটি গানের রেকর্ডিং-এর কাজ শেষ হয়েছে।
গান তিনটি হলো- ‘নিজের মধ্যে থাকা’, ‘আধখানা জীবনের’ ও ‘মীমাংসা গল্পের’। প্রত্যেকটি গান লিখেছেন ও সুর করেছেন এনামুল করিম নির্ঝর। গেল ঈদে নন্দিতা দেশ টিভি, মাছারাঙা টিভি ও বাংলাদেশ টেলিভিশনে সংগীত পরিবেশন করেছেন। নন্দিতা জানান, এখনো স্টেজ মৌসুম শুরু হয়নি। স্টেজ মৌসুম শুরু হলে ‘স্টেজ শো’ নিয়েই বেশি ব্যস্ত থাকবেন তিনি। উল্লেখ্য, কিছুদিন আগে রাজধানীর উত্তরা ক্লাবে আগুনের সঙ্গে একই মঞ্চে সংগীত পরিবেশন করেছিলেন নন্দিতা। সৈয়দ নাফিজের সংগীতায়োজনে সাবিনা ইয়াসমিনের গাওয়া ‘ও আমার বাংলা মা তোর’ গানটি নতুন করে গেয়েও প্রশংসিত হয়েছেন নন্দিতা।





