করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসক মারা গেছেন।
মৃত ডা. রফিকুল হায়দার (৫২) চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সন্তোষপুর গ্রামের মোহাম্মদ সুফিয়ানের ছেলে। তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন।
হাসপাতালের আরেক চিকিৎসক রেজাউল করিম জানান, ডা. রফিকুল শ্বাসকষ্টসহ বিভিন্ন উপসর্গ নিয়ে তিন দিন আগে নমুনা পরীক্ষা করান। পরে প্রতিবেদন পজেটিভ আসার পর থেকে তিনি বাসাতেই চিকিৎসা নিচ্ছিলেন।
বুধবার রাতে গুরুতর শ্বাসকষ্ট দেখা দিলে তাকে রাজধানীর মিরপুরের বাসা থেকে দ্রুত এনাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন, বলেন ডা. রেজাউল।
ডা. রফিকুলের ভগ্নিপতি ওহেদুজ্জামান জানান, মিরপুরের পল্লবীর বাসায় একাই থাকতেন ডা. রফিকুল। একমাত্র ছেলেকে নিয়ে তার সাবেক স্ত্রী ডা. রোমেনা হেলাল বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করেন।
ডা. রফিকুল এনাম মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন ধরে কর্মরত ছিলেন।





