সাভার (ঢাকা) প্রতিনিধি :
বাংলাদেশের প্রথম উপজেলা হিসেবে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো শিক্ষকদের প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্য শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা।
ঢাকা জেলার সদ্য যোগদানকৃত সিভিল সার্জন ডা. মোহাম্মদ জিল্লুর রহমান আজ বুধবার সকালে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে "প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্য শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা" এর শুভ উদ্ভোধন করেন। এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলার সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুবকর সরকার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা কাওসার আলম সোহেল ও সাভার উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাবৃন্দ।কর্মশালায় সভাপতিত্ব করেন ডা. মো. সায়েমুল হুদা, সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। যিনি বাংলাদেশের উপজেলা পর্যায়ে সর্বপ্রথম এই মহতী উদ্যোগের স্রষ্টা। এ সময় সিভিল সার্জন বলেন , শিক্ষকদের প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্য শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা নিঃসন্দেহে একটি যুগান্তকারী পদক্ষেপ। ডা. মো. সায়েমুল হুদা যিনি সর্বপ্রথম উপজেলা পর্যায়ে এই মহতী উদ্যোগ গ্রহণ করেছেন এজন্য তাকে আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। যার ফলশ্রুতিতে, সাভার উপজেলার প্রত্যেকটি সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি ছাত্র-ছাত্রীরা নিজ প্রতিষ্ঠানেই প্রাথমিক চিকিৎসার আওতায় আসবে।
এ সময় সিভিল সার্জন স্বাস্থ্য কমপ্লেক্সটির প্রতিটি ওয়ার্ড ঘুরে ঘুরে রুগীদের খোঁজ খবর নেন। তিনি স্বাস্থ্য কমপ্লেক্সটির চিকিৎসা সেবার অগ্রগতি দেখে অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করেন এবং বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে একটি বৃক্ষ রোপন করেন। সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তা-কর্মচারী, ডাক্তার ও নার্সগণ এ সময় উপস্থিত ছিলেন।





