ব্রাহ্মণবাড়িয়ায় সরাইলে অবরুদ্ধ ১০টি গ্রামে স্থানীয় বাসিন্দাদের জন্য খাদ্য তালিকা প্রস্তুত করা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী পর্যায়ক্রমে এই খাবার সরবরাহ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় চেয়ারম্যান।
খাদ্য বিতরণে প্রতি ওয়ার্ডে পাঁচ সদস্যের একটি করে কমিটি গঠন করা হয়েছে। এছাড়া, রবিবার সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শনের মধ্য দিয়ে তদন্ত কমিটি কাজ শুরু করেছে। কমিটি প্রধান জানান, এ পর্যন্ত দুই থেকে তিনজন মাওলানার কাছ থেকে জানাজা আয়োজনের বিষয়ে বিভিন্ন সংগ্রহ করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে এই মুহূর্তে বিস্তারিত কিছু জানাননি তিনি। ২২শে এপ্রিলের মধ্যে তদন্ত কাজ শেষ করে প্রতিবেদন জমা দেয়া হতে পারে।
এর আগে, মাওলানা জোবায়েরের জানাজায় বিপুল লোকসমাগমের ঘটনায় সেখানে ১০টি গ্রামকে নিশ্ছিদ্র অবরুদ্ধ অবস্থায় রাখা হয়েছে। করোনার বিস্তার রোধে সেখানে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এসব গ্রামের ওপর রাখা হচ্ছে কঠোর নজরদারি। এছাড়া, সরাইল সার্কেল সহকারি পুলিশ সুপার (এএসপি) মাসুদ রানা ও সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন টিটুকে (ওসি) প্রত্যাহার করা হয়।
উল্লেখ্য, গত শুক্রবার (১৭ই এপ্রিল) বিকাল ৫টা ৪৫ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মার্কাসপাড়ায় নিজ বাসভবনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন জোবায়ের আহমেদ আনসারী। শনিবার (১৮ই এপ্রিল) সকালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা জোবায়ের আহমেদে জানাজায় অংশ নেন হাজার হাজার মানুষ।





