সরব আওয়ামী লীগ, নীরব বিএনপি

গলাচিপা উপজেলার বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন, হাট বাজার গুলোতে এখন রঙিন ব্যানার ও পোষ্টারের ছড়াছড়ি

ছবি : বাংলাদেশের খবর

নির্বাচন

গলাচিপায় উপজেলা পরিষদ নির্বাচন

সরব আওয়ামী লীগ, নীরব বিএনপি

  • বিনয় কর্মকার, গলাচিপা (পটুয়াখালী)
  • প্রকাশিত ২৯ জানুয়ারি, ২০১৯

জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই শুরু হচ্ছে উপজেলা পরিষদ নির্বাচনের তোড়জোড়। তবে নির্বাচন ঘিরে আগ্রহ এবং প্রার্থী হওয়ার দৌড় ঝাঁপ চলছে শুধু ক্ষমতাসীন আওয়ামী লীগ শিবিরে। বিপরীতে বিএনপির মাঠ পর্যায়ের নেতাকর্মীরা চুপচাপ। তারা তাকিয়ে আছেন কেন্দ্রের দিকে। আগামী ফেব্রুয়ারি মাসে উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষনার সম্ভাবনা রয়েছে বলে নির্বাচন কমিশন এরই মধ্যে জানিয়েছেন।

গলাচিপা উপজেলাতেই সম্ভাব্য প্রার্থীরা তৎপরতা শুরু করেছেন। এসব প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ, জাতীয় পর্টিসহ স্বতন্ত্র প্রার্থীদের উৎসাহ বেশী দেখা যাচ্ছে। তবে জাতীয় নির্বাচনে এমন ধাক্কার পর বিএনপি আদৌ নির্বাচনে যাবে কিনা তা নিয়ে স্থানীয় তৃণমূলের নেতাকর্মীরা দ্বিধায় রয়েছেন। এ অবস্থায় উপজেলা নির্বাচন ঘিরেও তাদের কোনো তৎপরতা নেই। তবে দল নির্বচনে গেলে অনেকেই দলের মনোনয়ন চাইবেন বলেও মন্তব্য করেছেন।

আওয়ামী লীগের উপজেলা পর্যায়ের কয়েকজন নেতা জানিয়েছে, সম্ভাব্য প্রার্থীরা এখন দলীয় পর্যায়েই বেশী তৎপর। উপজেলায় একাধিক প্রার্থী রয়েছেন। তাই অতীতের মতো এবারও দলীয় নিয়মানুযায়ী উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তিনজন প্রার্থীর নাম কেন্দ্রে পাঠানো হবে। পরে কেন্দ্র যেকোনো একজন প্রার্থীকে চূড়ান্ত মনোনয়ন দেবে। এ অবস্থায় তৃণমূল আওয়ামী লীগ থেকে পাঠানো তিনজনের মধ্যে যেন নিজের নাম থাকে এজন্য উপজেলা পর্যায়ের নেতাদের প্রভাবিত করার চেষ্টাও করছেন তারা।

ভোটাররা বলেছেন, সংসদ নির্বাচনের রেশ না কাটতেই উপজেলা নির্বাচনের বাদ্য বেজেছে। এতে সম্ভাব্য প্রার্থীরা এলাকার মুরব্বি ও নেতৃস্থানীয় লোকজনের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে দিয়েছেন। দলীয় সম্ভাব্য প্রার্থীরা উপজেলা, ইউনিয়নও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে প্রার্থিতার বিষয়ে আলাপ-আলোচনা করছেন।

কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ইখতিয়ার রহমান কবির বলেন, একাদশ সংসদ নির্বাচনের নামে একটি তামাশা হয়েছে। তবে উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ নীল নকশার মাধ্যমে তাদের পরিকল্পনা বাস্তবায়ন করবে। তাই কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক আমরা উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহন করবনা।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি সন্তোষ কুমার দে বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনের তফসিল ঘোষনা হলে দলীয় নেতাকর্মীরা উপজেলা পরিষদ নির্বাচনে নিয়মানুযায়ী প্রচার-প্রচারণা শুরু করবেন। এ অবস্থায় আমাদের দলের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন। কেন্দ্র যে প্রার্থীকেই মনোনয়ন দেবে তার পক্ষেই দল এককাট্টা হয়ে কাজ করবে। সুন্দর ও সুষ্ঠভাবে উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্নহবে, এটা আমরা আশা করছি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads