শ্রদ্ধা-ভালোবাসায় এমপি একাব্বর হোসেনের শেষ বিদায়

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

শ্রদ্ধা-ভালোবাসায় এমপি একাব্বর হোসেনের শেষ বিদায়

  • মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ১৭ নভেম্বর, ২০২১

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হয়ে চির বিদায় নিলেন টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের টানা চারবারের এমপি এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. একাব্বর হোসেন। বুধবার দুপুরে এমপি একাব্বররের প্রতি শ্রদ্ধা জানান, এমপি-মন্ত্রীবর্গ, রাজনৈতিক ব্যক্তিত্ব, তার দীর্ঘদিনের সহকর্মীসহ সাধারণ মানুষরা। ঢাকা ও মির্জাপুরে তিন দফা জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

গতকাল মঙ্গলবার বেলা ২টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন আওয়ামী লীগের এই বর্ষীয়ান নেতা। তিনি দীর্ঘদিন যাবৎ কিডনি জটিলতায় ভুগছিলেন। এমপি একাব্বর হোসেন এমনই এক ব্যক্তিত্ব ছিলেন, যে তার মৃত্যুকে কউেই মেনে নিতে পারছেন না। নিজ এলাকার মির্জাপুর এসকেপাইলট মাঠে বুধবার তার মরদেহ নিয়ে আসা হয় বেলা ১২টায়, অথচ তাকে শ্রদ্ধা জানানোর জন্য সকাল থেকেই হাজির হন সমাজের বিশিষ্ট ব্যক্তিগণ। সরকারের মন্ত্রীবর্গ রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ অনেকেই শ্রদ্ধা জানান এমপি একাব্বরের প্রতি। এরআগে রাজধানীর ধানমন্ডিতে মঙ্গলবার রাতে তার প্রথম জানাযার নামাজের আগে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন এবং রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। বুধবার দুপুরে তাকে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদা (গার্ড অব অনার) প্রদানের পর জানাযা অনুষ্ঠিত হয়। একই দিনে জাতীয় সংসদে এমপি একাব্বরের জন্য শোক প্রকাশ করা হয়েছে।

দীর্ঘ ৪৮ বছর ধরে রাজনীতির পাশাপাশি সমাজের মানুষের জন্য নিরলসভাবে কাজ করে গেছেন একাব্বর হোসেন। মির্জাপুরে শিক্ষাপ্রতিষ্ঠানসহ ব্রিজ, কালভার্ট, রাস্তাসহ এলাকার অসংখ্য উন্নয়ন করেছেন এই নেতা। এই ব্যক্তিত্বের পুরো পরিবারই আওয়ামী রাজনীতির সাথে জড়িত। তার এই প্রস্থান দেশের অপূরণীয় ক্ষতি বলে মনে করেন আ.লীগের তৃণমূলের নেতারা। ব্যক্তিজীবনে একাব্বর হোসেন টানা চারবার অষ্টম, নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে মির্জাপুরে জনপ্রতিনিধিত্ব করেছেন।

এসকেপাইলট খেলার মাঠে তার দ্বিতীয় জানাযা শেষে বাদ আসর নিজ গ্রাম পোষ্টকামুরী মসজিদে অনুষ্ঠিত হয় এমপি একাব্বরের তৃতীয় জানাযা। এরপর তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন, সহকর্মী, বন্ধু, আত্মীয়-স্বজনসহ মির্জাপুরের সবশ্রেণিপেশার মানুষ। তার মৃত্যুতে মির্জাপুরে শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads