শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি:
'স্মার্ট ভূমি সেবা,স্মার্ট নাগরিক' এই শ্লোগানকে সামনে রেখে শিবালয়ে ভূমি সেবা সপ্তাহ এর আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার উপজেলা হলরুমে আলোচনা সভা ও সকালে উপজেলা চত্বরে র্যালি অনুষ্ঠিত হয় ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম ফয়েজ উদ্দিন এর সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার বেলাল হোসেন প্রধান অতিথি ছিলেন ।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী দবিরুল ইসলামের সঞ্চালনায় জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান এম এ কুদ্দুস, উথলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্বাস আলী, তেওতা ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন, মহাদেবপুর ইউপি চেয়ারম্যান শাহজাহান মিয়া, উপজেলা আ'লীগের সহ-সভাপতি সুদীপ ঘোষ বাসু, উপজেলা প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় বিভিন্ন ইউনিয়ন ভূমি কর্মকর্তা, স্থানীয় নেতৃবৃন্দ ও স্কুলকলেজের শিক্ষার্থীবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
জানা গেছে, ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে বিশেষ সেবা ক্যাম্পে বিভিন্ন ধরনের সেবা দেয়া হচ্ছে। অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য রেজিস্ট্রেশন সংক্রান্ত কার্যক্রম ও বর্তমানে ভূমি উন্নয়ন কর সম্পূর্ণভাবে অনলাইনে গ্রহণ করা হচ্ছে । এ সম্পর্কে ব্যাপক প্রচার , ই-নামজারি আবেদন গ্রহণ, লিজ নবায়ন ও ভূমি সংক্রান্ত সব ধরনের সেবা এবং পরামর্শ প্রদান করা হবে । এছাড়া, শিক্ষার্থীদের ভূমি বিষয়ক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। পিতার সম্পত্তিতে কন্যাদের আইন সংগত অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য নারী সমাবেশের আয়োজন করা হয়েছে । এছাড়া, ভূমি বিষয়ক বিভিন্ন সেবা ও ভূমি সপ্তাহের বার্তা পোঁছে দিতে আটটি প্রচার মাইক ব্যবহার করা হচ্ছে । বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াসহ সোশ্যাল মিডিয়ায় প্রচার কার্যক্রম অব্যাহত রয়েছে । উপজেলার সাতটি ইউডিসিতে ভূমি সপ্তাহ উপলক্ষে বিশেষ সেবা ক্যাম্প স্থাপন করা হয়েছে ।





