নরসিংদীর শিবপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার ঢাকা- সিলেট মহাসড়কের সৃষ্টিগড় ও চৈতন্য বাসস্ট্যান্ডের মাঝামাছি কালুর বাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আজ শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ইটাখোলা হাইওয়ে পুলিশের ভারপ্রপ্ত কর্মকর্তা ( ওসি) নূর হায়দার তালুকদার।
নিহতরা হলো, শিবপুরের যোশর ইউনিয়নের চৈতন্যা এলাকায় সবিকুল ইসলামের পুত্র ফরহাদ ভূঞা (২২) ও একই এলাকার দেলোয়ার ভূইয়ার পুত্র শাকিল ভূইয়া (২২)। তারা সম্পর্কে চাচা ভাতিজা।
পুলিশ ও স্থানীয়রা জানায় , শুক্রবার রাত ৯ টার দিকে মোটরসাইকেল যোগে ফরহাদ ও শাকিল ঢাকা সিলেট মহাসড়ক ধরে শিবপুরের ইটাখোলার দিক থেকে চৈতন্য অভিমুখে বাড়িতে যাচ্ছিলো । এসময় তাদের মটরসাইকেলটি চৈতন্য বাসস্ট্যান্ড এর আগে সৃষ্টিগড় কালুর বাড়ি সংলগ্ন এলাকায় পৌছালে অজ্ঞাতনামা একটি যান তাদেরকে পেছন থেকে চাপা দেয়। দুজনেই রাস্তায় ছিটকে পড়ে। এতে মোটরসাইকেরটি দুমড়ে মোচড়ে যায়। যার ফলে তারা ঘটনাস্থলেই মারা যায়। পরে ইটাখলা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ইটাখোলা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হায়দার তালুকদার বলেন, দুজন মোটরসাইকেল আরোহী মারা গেছেন। রাতে অজ্ঞাতনামা কোনো একটি যান তাদেরকে পেছন থেকে ধাক্কা দেয়। এ ঘটনায় পরিবারের সাথে কথা বলে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।





