বদিউজ্জামান রাজাবাবু,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের আজগবি গ্রামে সোমবার (১৩) জুন দুপুরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ২৫ গ্রাম হেরোইন ও ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৩টি মোবাইল ও নগদ ৪ হাজার টাকাসহ সাকিরুল ইসলাম রনি নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে শিবগঞ্জ থানা পুলিশ।
আটককৃত রনি আজগুবী গ্রামের মৃত মজনু আলমের ছেলে।
খবর সূত্রের, সাকিরুল ইসলাম রনি ইতিপূর্বে দুইবার মাদক নিয়ে পুলিশের হাতে আটক হয়েছিলেন। তার বিরুদ্ধে দু'টি মাদক মামলা চলমান রয়েছে। তার কাছে মাদক ক্রয় করতে আসতেন বিভিন্ন এলাকার উঠতি বয়সী ছেলেরা। গ্রামবাসী অনেক বলার পরেও তিনি তোয়াক্কা না করে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। তার মাদক ব্যবসার জন্য রনির উপর গ্রামবাসী অতিষ্ঠ। আজ পুলিশের হাতে ধরা পড়েছে সে। এলাকাবাসী তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জুবায়ের আহমেদ জানান, সাকিরুল ইসলাম রনি দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা চালিয়ে আসছিল। আজ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে ইয়াবা ও হেরোইনসহ আটক করা হয়। আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।





