চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষক হতে ভাইভা দিতে এসে ছাত্রলীগের মারধরের শিকার হয়েছেন সাবেক শিক্ষার্থী।
আজ বুধবার দুপুর ১টার দিকে চবি কেন্দ্রীয় খেলার মাঠের দিকে এনে মারধর করে ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা।
মারধরের শিকার শিক্ষার্থীর নাম এমদাদুল হক। তিনি প্রাণীবিদ্যা বিভাগের ২০০৮- ০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে। অন্যদিকে মারধরকারীরা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপ গ্রুপ সিএফসি হিসেবে পরিচিত।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ভাইভা দিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে প্রবেশের সময় মো.এমদাদুল হক নামের শিক্ষাবর্ষের এক সাবেক শিক্ষার্থীকে বাধা দেয় ছাত্রলীগের একাংশ। পরে সেখান থেকে তাকে কেন্দ্রীয় খেলার মাঠে নিয়ে মারধর করা হয়।
শাখা ছাত্রলীগের সহ সভাপতি রেজাউল হক রুবেল বলেন, এমদাদ শিবিরকর্মী। তাকে চিনতে পেরে ছাত্রলীগ নেতাকর্মীরা প্রতিহত করে।
বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ আখতারুজ্জামান বলেন, এমদাদ নামে এক শিক্ষার্থীকে শিবির সন্দেহে মারধর করেছে ছাত্রলীগ নেতাকর্মীরা। খেলার মাঠ থেকে উদ্ধার করে মেডিকেলে নেওয়া হয়। এখন থানার হেফাজতে আছে। যাচাই বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী বলেন, তার বিরুদ্ধে শিবির সম্পৃক্ততার অভিযোগ তুলেছে ছাত্রলীগ নেতাকর্মীরা। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।





