এন্ড্রু কিশোরের মৌলিক একটি গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছেন চিত্রনায়িকা শাহনূর। প্রদীপ সাহার কথায় ও রাজেশের সুর সংগীতে ‘ভালোবাসি ভালোবাসি’ গানটিতের মিউজিক ভিডিওতে তার সহশিল্পী হিসেবে ছিলেন প্রয়াত গুণী চলচ্চিত্র পরিচালক হাছিবুল ইসলাম মিজান। গানটি এরই মধ্যে সিডি প্লাস এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।
এদিকে গতকাল থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কেও নাসাকলসিয়ামে শুরু হয়েছে ৩৩তম ফোবানা সম্মেলনে। আর এই সম্মেলনেই সম্মানীত অতিথি হিসেবে যোগ দিয়েছেন চিত্রনায়িকা শাহনূর। এরই মধ্যে গেল ২৯ আগস্ট তিনি আমেরিকাতে পৌঁছেছেন। শাহনূর জানান, ফোবানা সম্মেলনে অংশগ্রহণ শেষে তিনি সেখানে চ্যারিটি শোতেও অংশ নেবেন। প্রায় ২০ দিন সময় কাটিয়ে তিনি ঢাকায় ফিরবেন বলে জানান।
শাহনূর বলেন, দেশের বাইরে ফোবানা সম্মেলন প্রবাসী বাঙালিদের সবচেয়ে বড় আসরের একটি। এমন একটি আসরে সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারাটা শিল্পী হিসেবে অবশ্যই গর্বের। এই সম্মেলন শেষে আমি চ্যারিটি শোতেও অংশ নেব। শিল্পী হিসেবে মানুষের প্রতি দায়িত্ববোধের জায়গা থেকেই আমি চ্যারিটি শোতে অংশ নেব। অনেক আগে থেকেই আমি সমাজের মানুষের পাশে দাঁড়িয়ে এসেছি। আমি নিজেও উদ্যোগী হয়ে অনেক সামাজিক দায়িত্ব পালন করার চেষ্টা করি। সেসব কাজ আসলে নীরবেই করতে ভালোবাসি। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন। এই দেশ স্বাধীন করায় তারও ভূমিকা ছিল। সেই মুক্তিযোদ্ধা বাবার সন্তান হিসেবে আমি নিজের ভেতর ভীষণ গর্ব অনুভব করি। সেই বাবার সন্তান আমি, তাই দেশ নিয়ে, দেশের মানুষ নিয়ে আমার ভাবনাটা সব সময়ই মাথায় থাকে।
শাহনূর চলচ্চিত্রে ও নাটকে অভিনয়ের পাশাপাশি বর্তমানে আওয়ামী রাজনীতিতেও বেশ সক্রিয় হয়ে উঠেছেন। তিনি বলেন, ‘অভিনয় আমার নেশা আর রাজনীতি আমার আদর্শ।’
এদিকে শাহনূর রবীন্দ্রনাথ ঠাকুরের ‘মধ্যবর্তিনী’ গল্প অবলম্বনে তাজু কামরুলের পরিচালনায় ‘বেলা অবেলা’ সিনেমার কাজ শেষ করেছেন। এতে তার বিপরীতে আছেন চিত্রনায়ক ইমন। আবার এরই মধ্যে সেন্সর সনদপত্র পেয়েছে শাহনূর অভিনীত জয় সরকার পরিচালিত ‘ইন্দুবালা’ সিনেমাটি। এই সিনেমায় একটি চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয়ে দেখা যাবে শাহনূরকে। আবার তাজু কামরুলেরই পরিচালনায় ‘মাতৃত্ব’ নামের একটি নাটকের কাজ শেষ করেছেন। এতে তিনিই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। রাশিদ পলাশের ‘পদ্মপূরাণ’ সিনেমাতেও তার কাজ করার কথা রয়েছে।





