মুন্সীগঞ্জের লৌহজংয়ে স্বামী পরিত্যক্তা এক নারীকে (২১) আটকে রেখে ধর্ষণের অভিযোগে দুই যুবকে আটক করেছে লৌহজং থানা পুলিশ। গত বৃহস্পতিবার উপজেলার মেদিনীমন্ডল ইউনিয়নের উত্তর কাজিরপাগলা গ্রামের ধর্ষক টিপু শিকদারের বাড়িতে এ ঘটনা ঘটে।
ঘটনার দিন পদ্মা সেতুর মাওয়া চায়না প্রজেক্টের একটি বাড়িতে রান্নার কাজে যায় ভুক্তভোগী ওই নারী। বাড়ির মালিক ও পদ্মাসেতুতে শ্রমিক সরবরাহকারী শাহাবউদ্দিন (৪৬) ওই নারীকে অন্যত্র চাকুরীর কথা বলে। কিন্তু আইডি কার্ডে ভুল ঠিক করার কথা বলে মটরসাইকেলে করে উত্তর কাজিরপাগলা গ্রামের টিপু সুলতানের (৪০) বাড়িতে নিয়ে যায়। সেখানে ওই নারীকে প্রায় ৪ঘন্টা আটকে রেখে ধর্ষণ করে শাহাবউদ্দিন ও টিপু সুলতান।
এ ঘটনায় ধর্ষিতার চাচাতো ভাই লৌহজং থানায় শিশু ও নারী নির্যাতন দমন আইনে ধর্ষক যুবকদ্বয়ের নামে মামলা করেন। মামলার পর পরই লৌহজং থানা পুলিশ শাহাবউদ্দিন ও টিপু সুলতানকে আটক করে।
আজ শনিবার আসামিদের দুজনকে কোর্টে চালান করা হয়েছে। শাহাবউদ্দিনের বাড়ি ঢাকার নবাবগঞ্জ উপজেলার বড়গ্রামে। তার বাবার নাম আকিজউদ্দিন। আর টিপু সুলতান উত্তর কাজিরপাগলা গ্রামের মৃত শেখ আবদুল খালেকের ছেলে। এদিকে ধর্ষণের শিকার নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান এসআই মো. রকিবুল হাসান।





