সারা দেশ

লক্ষ্মীপুরে আন্দোলনকারীদের সঙ্গে যুবলীগ-ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষে আহত ১০

  • ''
  • প্রকাশিত ২ অগাস্ট, ২০২৪

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরে কোটা বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে যুবলীগ-ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (২ আগস্ট) দুপুর ২টার দিকে জেলা শহরের চকবাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজের পর শহরের চকবাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে একটি মিছিল নিয়ে যুবলীগ ছাত্রলীগ নেতাকর্মীরা শহর প্রদক্ষিণ করে। এতে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহউদ্দিন টিপু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়াসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এদিকে যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীদের মিছিল শেষেই কোটা বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা বাজার ব্রিজ থেকে মিছিল নিয়ে বের হয়। মিছিলটি চকবাজার মসজিদের সামনে গেলেই শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগান শুরু করে। উপজেলা চেয়ারম্যানের বাসার সামনে গেলে মিছিল থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর ইটপাটকেল ছুঁড়ে মারে। এতে আওয়ামী লীগের নেতাকর্মীরাও শিক্ষার্থীদের ওপর ইটপাটকেল ছোঁড়ে। এর মধ্যে ৮-১০ শিক্ষার্থীকে লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে আহত করা হয়। শিক্ষার্থীদের ছোঁড়া ইটপাটকেলে ছাত্রলীগের দুইজন আহত হয়েছে বলে জানা গেছে।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) হাসান মোস্তফা স্বপন জানান, আন্দোলনকারী শিক্ষার্থী ও যুবলীগ-ছাত্রলীগের মধ্যে মিছিল করা নিয়ে উত্তেজনা দেখা দেয়। কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads