রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ও চীনের হুয়াজং কৃষি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ গবেষণা ইনস্টিটিউটের যাত্রা শুরু হয়েছে। আজ শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স রুমে রাবি ও হুয়াজং কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের এক আলোচনায় এই ইনস্টিটিউটের যাত্রা শুরু হয়।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. এম এ বারীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন রাবি উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান, শুভেচ্ছা বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা এবং সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি অধ্যাপক ড. চৌধুরী মো. জাকারিয়া।
এই ইনস্টিটিউটের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে তথ্য-উপাত্ত উপস্থাপন করেন 'সিনো-বাংলাদেশ বায়োইন্ডাস্ট্রিয়াল রিসার্চ ইনস্টিটিউট’ বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়কারী অধ্যাপক ড. এম মনজুর হোসেন।
এই ইনস্টিটিউট বাংলাদেশ ও চীন তথা এই অঞ্চলে সংশ্লিষ্ট ক্ষেত্রে গবেষণা ও উন্নয়নে নব দিগন্তের সূচনা করবে বলে আশা প্রকাশ করেন রাবি উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান।
এ সময় অন্যদের মধ্যে জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ, ড. এফ এম আলী হায়দার, বিভিন্ন অনুষদের ডিনসহ সংশ্ষ্টি শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





