চট্টগ্রাম প্রতিনিধি:
আসন্ন রমজানকে সামনে রেখে তৃতীয় দিনের মত চট্টগ্রামের বৃহত্তর পাইকারি বাজার খাতুনগঞ্জে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন।
মঙ্গলবার চালানো অভিযানে খাতুনগঞ্জে ৬ প্রতিষ্ঠানকে ৫১ হাজার টাকা জরিমানা করা হয়। মূল্য তালিকা না থাকা, ক্রয় বিক্রয় রশিদ না রাখার অভিযোগে মদিনা ট্রেডার্সকে ১০ হাজার, আজমির ভান্ডারকে ৩ হাজার, ফারুক ট্রেডার্সকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর সরাসরি ডিও/এসও বিক্রির দায়ে ভাই ভাই এন্টারপ্রাইজকে ১০ হাজার, দ্বীন এন্ড কোম্পানিকে ৫ হাজার এবং এলাচের বৃহত্তম আমদানীকারক মেসার্স আবু মোহাম্মদ এন্ড কোম্পানিকে আমদানী মূল্যের তুলনায় অতিরিক্ত মূল্যে এলাচ বিক্রির দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের পক্ষে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত। সাংবাদিকদের তিনি জানান, বিভিন্ন আমদানীকারক প্রতিষ্ঠান এর এলসি পর্যালোচনা করে দেখা যায় শুল্কসহ এলাচের দাম কেজি প্রতি সর্বোচ্চ ১৫০০ টাকা হতে পারে, সেখানে পাইকারি বাজারে বিক্রয় হচ্ছে ২৩০০ থেকে ৩০০০ টাকায়। এছাড়াও বেশ কিছু মসলার দাম বেশী আছে বাজারে। তিনি বলেন, দাম বাড়ার কারণটি খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। বারবার হাতবদল বা ডিও/এসও বিক্রিও একটি কারণ হতে পারে।
জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকার কথা জানিয়ে বলেন, ভবিষ্যতে আরো কঠোর ব্যবস্থা নেয়া হবে, পবিত্র রমজান মাসে চট্টগ্রামের বাজারকে কোন ভাবেই অস্থিতিশীল হতে দেয়া হবে না। " অভিযানে সার্বিক সহযোগিতা করেন সহকারী কৃষি বিপণন কর্মকর্তা আবু বক্কর এবং কোতোয়ালী থানা পুলিশ এর একটি টিম।





