স্বরলিপির কণ্ঠ এবং গায়কীর প্রশংসা করেন শ্রোতা-দর্শক থেকে শুরু করে অন্য অনেক প্রথিতযশা সংগীতশিল্পী। কিন্তু স্বরলিপি তার নিজের গায়কী বা কণ্ঠ নিয়ে কখনোই তৃপ্ত নন। তার কথা একটাই, এখনো অনেক শেখার-জানার বাকি রয়ে গেছে। প্রতিনিয়তই তিনি নিজেক মগ্ন রাখেন গানে নিজেকে কীভাবে আরো ভালোভাবে গড়ে তোলা যায়। প্রতিটি নতুন নতুন গানেই স্বরলিপি নিজের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেন গাইতে। জামাল হোসেনের লেখা ‘ভাবনার বাতায়নে’ গানটিতে নতুন এক স্বরলিপি’কে খুঁজে পেল শ্রোতা-দর্শক। গেল ২৬ সেপ্টেম্বর রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে স্বরলিপির গাওয়া নতুন গান ‘ভাবনার বাতায়নে’।
গানটির সুর-সংগীত করেছেন সংগীতশিল্পী মুহিন খান। প্রকাশের মধ্যে যারাই গানটি শুনছেন, তারাই স্বরলিপির গায়কীর বেশ প্রশংসা করছেন।
মুহিন বলেন, ‘আমার বিশ্বাস ছিল স্বরলিপির এই গানে শ্রোতারা মুগ্ধ হবেন। কারণ আমি নিজে নতুন এক স্বরলিপিকে খুঁজে পেয়েছি এই গানে। অসাধারণ গেয়েছে স্বরলিপি। একজন সংগীত পরিচালক হিসেবে তার গায়কীতে মুগ্ধ আমি। শ্রোতারাও মুগ্ধ হচ্ছেন এটাই আমার ভালো লাগা। আমার বিশ্বাস এই গানের মধ্য দিয়ে স্বরলিপিকে নতুন করে আবিষ্কার করবেন শ্রোতা দর্শক।’
স্বরলিপি বলেন, ‘চমৎকার গীতিকবিতার সঙ্গে সামঞ্জস্য রেখে মুহিন ভাই সত্যিই অপূর্ব সুর করেছেন। জামাল হোসেন ভাইকে ধন্যবাদ আমাকে এত চমৎকার একটি গীতিকবিতার সাথি করার জন্য। ধন্যবাদ মুহিন ভাইকেও। যদিও প্রকাশ হয়েছে মাত্র এক দিন হলো, কিন্তু তারপরও আমি বেশ ভালো সাড়া পাচ্ছি। আমার আত্মবিশ্বাসটা বাড়ছে এই গানের ক্ষেত্রে। মনে হচ্ছে গানটি শ্রোতাদের মনে দাগ কাটবে। বাকিটা শ্রোতা-দর্শকই ভালো বলতে পারবেন।’
এদিকে গতকাল দুপুরে মাছরাঙা টিভিতে একটি লাইভ শোতে অংশ নেন স্বরলিপি। চলতি সপ্তাহে তিনি আরটিভির ‘এই রাত তোমার আমার’-এর রেকর্ডিংয়ে অংশ নেওয়ার পাশাপাশি তিনি বিটিভিরও একটি অনুষ্ঠানে অংশ নেবেন। এদিকে মুহিনের নিজের সুর-সংগীতে জামাল হোসেনের কথায় ‘মরীচিকা মন’ গানটিও ইউটিউবে প্রকাশিত হয়েছে। এই গানটির জন্যও মুহিন বেশ ভালো সাড়া পাচ্ছেন। গানটি প্রকাশিত হয়েছে রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে।





