অভিনেত্রী নন, বরং লাক্স-চ্যানেল আই সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে শোবিজাঙ্গনে আগমন ঘটে হালের জনপ্রিয় তারকা বিদ্যা সিনহা মিমের। এ প্রতিযোগিতায় প্রথম হয়ে সবার নজরে আসেন তিনি। এভাবেই শুরু। সেই বছরে চলচ্চিত্রে নাম লেখান হুমায়ূন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’ ছবির মাধ্যমে। এরপর শাকিব খানসহ সময়ের আলোচিত নায়কদের বিপরীতে অভিনয় করে নিজের মেধার দ্যুতি ছড়ান। অসাধারণ অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেছেন মিম।
এভাবেই ক্যারিয়ারের এক যুগ পার করেছেন মিম। তিনি এখন ছোটপর্দা, বড়পর্দা- দুই ক্ষেত্রেই অপরিহার্য অভিনেত্রীতে পরিণত হয়েছেন। দেশের গণ্ডি পেরিয়ে টলিউডের ছবিতেও চাহিদা রয়েছে তার।
অভিনয়ের শুরুটা ছোটপর্দা থেকেই। সাবলীল অভিনয়ের জন্য তিনি ছোটপর্দাতেও আলোচিত ছিলেন। তবে চলচ্চিত্রে তার ব্যস্ততা বেড়ে যাওয়ায় ছোটপর্দা থেকে নিজেকে সরিয়ে এনেছেন। এখন চলচ্চিত্রেই তার ব্যস্ততা। তার ধ্যান-জ্ঞান এখন চলচ্চিত্র নিয়েই। মিম প্রস্তাব পাওয়া মাত্রই সব ধরনের চলচ্চিত্রে কাজ করেন না। গল্প ও চরিত্রের গুরুত্ব বুঝে অভিনয় করেন তিনি। গেল বছরে মিমকে একটি মাত্র সিনেমায় দেখা গেছে। ‘সাপলুডু’ ছবি দিয়ে বছরজুড়ে আলোচনায় ছিলেন তিনি। গোলাম সোহরাব দোদুল পরিচালিত এ ছবিটি মুক্তির পর নতুন করে আলোচনায় আসেন মিম। মিমের অভিনয় ফের প্রশংসা কুড়ায়।
এ প্রসঙ্গে মিম বলেন, ‘সাপলুডু’ ছবিটি বেশ প্রশংসিত হয়েছে। এ ছবিতে আমাকে স্ট্রাগল করা একটি মেয়ের চরিত্রে দেখা গেছে। আরেফিন শুভর সঙ্গে এটা ছিল আমার দ্বিতীয় চলচ্চিত্র।
‘সাপলুডু’ মুক্তির রেশ কাটতে না কাটতেই নতুন ছবির জানান দিলেন চলচ্চিত্রের এ গ্ল্যামার নায়িকা। নতুন বছরটি হয়তো তার জন্যই অপেক্ষা করছে। নতুন বছরে মুক্তির অপেক্ষায় আছে একাধিক ছবি। সেই সঙ্গে শিডিউল খাতায় যুক্ত করছেন নিত্যনতুন কাজ। বাংলাদেশ ও কলকাতা দুই বাংলার ছবিতে দেখা যাবে তাকে। বছরের শুরুতেই চমক নিয়ে আসছেন মিমি। তরুণ নির্মাতা রায়হান রাফির ‘পরাণ’ ও ‘ইত্তেফাক’ সিনেমার মাধ্যমে নতুন বছরে হাজির হচ্ছেন বিদ্যা সিনহা মিম। আগামী ভালোবাসা দিবসকে সামনে রেখে মুক্তির অপেক্ষায় রয়েছে ‘পরাণ’। ইতোমধ্যেই শেষ হয়েছে ছবির দৃশ্যধারণ ও সম্পাদনার কাজ।
এদিকে মিম অভিনীত ও রায়হান রাফির আরেকটি ছবি ‘ইত্তেফাক’। সিলেটসহ দেশের বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিং চলছে। আগামী বছরের মার্চের মধ্যে ছবিটির শুটিং শেষ হবে বলে জানান মিম। একই বছরে ছবিটি মুক্তি পাবে বলেও নিশ্চিত করেন তিনি। ‘ইত্তেফাক’ ছবিতে মিমের বিপরীতে অভিনয় করেছেন অভিনেতা সিয়াম আহমদ। এ দুটি চলচ্চিত্র ছাড়াও মিমের নতুন বছরে আরো কয়েকটি ছবি নিয়ে কথা চলছে।
মিম বলেন, ‘পরান’ ও ‘ইত্তেফাক’ এই দুই চলচ্চিত্র ছাড়াও তিনটি চলচ্চিত্র নিয়ে প্রযোজকদের সঙ্গে কথাবার্তা চলছে। চিত্রনাট্য পছন্দ হওয়াসহ সবকিছু মিলে গেলে নতুন বছরে আরো বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করব।
পুরনো বছরটি নিয়ে মিম বলেন, গেল বছরটি ভালোই কেটেছে। শিল্পী সমিতি, প্রযোজক সমিতিসহ বিভিন্ন সংগঠনের নির্বাচন হয়েছে। সংগঠনগুলো নানা উদ্যোগও হাতে নিয়েছে। সবাই মিলে কাজ করলে চলচ্চিত্রের উন্নতি হবে। আমরা এখন অনেক ভালোর দিকে এগোচ্ছি। একঝাঁক তরুণ মেধাবী নির্মাতা এখন খুব ভালো কাজ করছে। তাই তো কাজের ব্যাপক পরিবর্তন হয়েছে। নতুন ধারার কাজ হচ্ছে এখন।
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মিম জানান, এটা আসলে যার যার টিকে থাকার বিষয়। আর দর্শকইতো আসল। দর্শক যাকে গ্রহণ করে নেবেন, সেই টিকে থাকবে। তবে সঠিক দিক-নির্দেশনাটাও প্রয়োজন। আমি খুব ভাগ্যবতী যে, ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত নামিদামি পরিচালকদের সঙ্গে কাজ করেছি, বিগ বাজেটের ছবি করার সুযোগ পেয়েছি এবং গল্প ও শৈল্পিক নির্মাণের ছবিতে কাজ করেছি। এটা সত্যিই অনেক পজিটিভ একটা বিষয়। দর্শক আমাকে কতটা গ্রহণ করেছেন সেটাই হচ্ছে বিষয়। দশর্ক যদি পছন্দ করেন তাহলে আমি তাদের জন্য কাজ করব আর দর্শক যখন আমাকে আর চাইবেন না, তখন আর কাজ করব না।
চলচ্চিত্রের বাইরেও বিভিন্ন মাধ্যমে কাজ করছেন বিদ্যা সিনহা মিম। গেল বছরে একটি মাল্টিন্যাশনাল কোম্পানির বিজ্ঞাপনে কাছ করেছেন তিনি। প্রচারও হচ্ছে সে বিজ্ঞাপন। শুধু তা-ই নয়, নিজেকে ফিট রাখতে প্রতিনিয়ত ঘাম ঝরাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ অভিনেত্রী। সব মিলিয়ে মিমের বৃহস্পতি এখন তুঙ্গে। মিমের তুলনা এখন মিম নিজেই।





