সারা দেশ

মান্দায় রাতে অবৈধভাবে পুকুর খননের মহোৎসব: রাস্তা চলাচলে চরম দুর্ভোগ

  • ''
  • প্রকাশিত ৬ মার্চ, ২০২৪

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর মান্দা সদর ইউনিয়নে রাতের অন্ধকারে অবৈধভাবে পুকুর খননের যেন মহোৎসব চলছে। এসব খনন করা পুকুরের মাটি নিয়ে যাওয়া হচ্ছে এলাকায় ভরাটকাজে। আর এসব মাটি পরিবহন কাজে ব্যবহার করা হচ্ছে ট্রাক্টর। এতে গ্রামীণ পাকা রাস্তাগুলো চলাচলের অনুপযোগী হয়েছে পড়েছে।

এদিকে মঙ্গলবার রাতে ফেরিঘাট থেকে পীরপালি বাজারের একমাত্র পাকা রাস্তাটি কাদা-মাটিতে একাকার হয়ে যায়। আজ বুধবার এ রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েন সবধরণের যানবাহন চালক যাত্রীরা। ছোটখাটো দুর্ঘটনারও খবর পাওয়া গেছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মাটিবাহী ট্রাক্টরের বেপরোয়া চলাচলে রাস্তার ধারসহ আশপাশের বাসিন্দারা রাতে ঘুমাতে পারেন না। লেখাপড়া করতে পারছে না এলাকার শিক্ষার্থীরা। চরম বেকাদায় পড়েছেন এসএসসি পরীক্ষার্থীরা। খোঁজ নিয়ে জানা গেছে, মান্দা সদর ইউনিয়নের চক মনসব পশ্চিম পাড়ার ময়েজ উদ্দিনের পুকুর খনন করে দেওয়ার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন, আল-মামুন নামে একব্যাক্তি।

একইভাবে নবগ্রাম পিরপালি বাজারের পশ্চিম পাশে পুকুন খননে চুক্তিবদ্ধ হয়েছেন প্রভাবশালী হিরা । চুক্তিবন্ধ এসব পুকুরে খননযন্ত্র দিয়ে প্রত্যেকদিন সন্ধ্যার পর থেকে সারারাত চলে মাটি কাটার মহোৎসব। মাটি পরিবহন কাজে সারারাত ধরে ট্রাক্টর চলাচল করে। ট্রাক্টরের বিকট শব্দে স্থানীয় বাসিন্দাদের নির্ঘুম রাত কাটাতে হয়। ঠিকমত লেখাপড়া করতে পারে না শিক্ষার্থীরা।

নবগ্রামের বাসিন্দা রুবেল বলেন, গত রোববার রাতে গুড়িগুড়ি বৃষ্টি হওয়ায় গ্রামের একমাত্র রাস্তাটি কাদা-মাটিতে একাকার হয়ে গেছে। আবারও মঙ্গলবার রাত ১০ থেকে ৩ টা পর্যন্ত পুকুর খননের কাজ চলছে রাতে এতে করে রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সী বলেন, বিষয়টি জেনেছি। দিনে কিংবা রাতে যখনই মাটি কাটা হোক না কেন খুব শিগগিরই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads