মসজিদ ও বসত বাড়ী ভেঙ্গে জমি দখলের অভিযোগ

সংগৃহীত ছবি

সারা দেশ

মসজিদ ও বসত বাড়ী ভেঙ্গে জমি দখলের অভিযোগ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২২ জুলাই, ২০২২

রাজধানীর হাজারীবাগের বছিলার বড়বাড়ী এলাকায় ওয়াকফ্ এস্টেটের মসজিদ ও বসত বাড়ী ভেঙ্গে জমি দখলের অভিযোগ উঠেছে। দখলে নেওয়া জমি উদ্ধারে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্টদের জরুরি হস্তক্ষেপের দাবি জানিয়েছেন মো. দেলোয়ার হোসেন নামের এক ব্যক্তি।

তার অভিযোগ, এ ঘটনায় গত ৩১ মার্চ প্রধানমন্ত্রীর কার্যালয়ে এবং গত ১০ মে ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ে অভিযোগ এবং হাজারীবাগ থানায় দুইটি জিডি ও ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) বরাবর অভিযোগ দেয়া হলেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না।

ভুক্তভোগীর অভিযোগে জানা যায়, বছিলার শ্রীখণ্ড মৌজা সিটি জরিপের ৬০৩ নং দাগের ২০.৪২ শতাংশ সম্পত্তি তার ৩ কন্যার নামে নামজারি করেন। ওই জমির ৯ শতাংশ সম্পত্তি ওয়াকফ্ দলিল মূলে চারদিকে দেয়াল তৈরি করে টিন দিয়ে “বড়বাড়ী জামে মসজিদ ও মাদ্রাসা” নির্মাণ করেন। গত ১৫/০৯/২০২০ রাত ৩টায়, ১৭/০৩/২০২১ ও ১৮/০৬/ ২০২১ ভোর রাত ৫টায় তিন দফায় মো. নুরুল ইসলাম গাজীর নির্দেশে মো. লিটন গাজী, মো. বশির উদ্দীন হাওলাদার, ও তাদের সহযোগি মো. শহিদুল ইসলাম, মো. রুবেল, আতাউর রহমান ও মো. কফিল উদ্দিন ওই মসজিদ ও বসত বাড়ী ভেঙ্গে জমি দখল করে নেয়।

তিনি আরো বলেন, তার ওই জমিসহ আরো অনেক স্থানীয় নিরীহ ব্যক্তিদের সম্পত্তি ও বাড়ী-ঘর দখল করে নিয়ে তাদের সর্বশান্ত করেছে। মসজিদ ও বাড়ীর জমি দখলের ঘটনায়

হাজারীবাগ থানায় যোগাযোগ করে জড়িতদের বিরুদ্ধে মামলা করতে চাইলে পুলিশ মামলা না নিয়ে জিডি গ্রহণ করেন। এ অবস্থায় ঘটনার তদন্তপূর্বক উল্লেখিত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ ও জমি ফিরিয়ে দিতে সংশ্লিষ্টদের জরুরী হস্তক্ষেপের দাবি জানান মো. দেলোয়ার হোসেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads