গভীর বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পরে ভোলার ৪টি মাছ ধরা ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ ৪৭ মাঝি-মাল্লার সকলে জীবিত উদ্ধার হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় লালমোহন উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা তানভির আহমেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, উদ্ধার হওয়া ৪৭ জেলের সকলেই সুন্দর বন এলাকায় আছেন। খবর পাওয়া পর পরই তাদের নিরাপদে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান তিনি।
এর আগে শুক্রবার গভীর রাতে বঙ্গোপসাগরের কক্সবাজার ফিশিং গ্রাউন্ড এলাকায় ঝড়ের কবলে পরে ভোলার ৪টি মাছ ধরা ট্রলার ৬০ জন মাঝি-মাল্লা নিয়ে ভোলার লালমোহন উপজেলার বাতির খাল এলাকার ফারুক মাঝির ট্রলার, লর্ডহার্ডিঞ্জ বুড়িরদোন এলাকার নূরুউদ্দিন মাঝির ট্রলার ও গাইট্টা এলাকার নাজিম উদ্দিন মাঝির ট্রলরসহ আরও একটি ট্রলার ডুবে যায়। এসময় আশপাশের জেলেরা ১৩ জেলেকে জীবিত উদ্ধার করলেও ৪৭ জেলে নিখোঁজ থাকে।





