সারা দেশ

ভোলায় সড়ক অবরোধ করে বিক্ষোভ, ৩ ঘন্টা বাস চলাচল বন্ধ

  • অচিন্ত্য মজুমদার, ভোলা
  • প্রকাশিত ২২ এপ্রিল, ২০২২

ভোলার লালমোহনে সিএনজি ও বাস শ্রমিকদের মধ্যে হাতাহাতি ও মারধরের ঘটনাকে কেন্দ্র করে ভোলা-চরফ্যাশন রুটে পথে বেরিকেড দিয়ে অবরোধ সৃষ্টি করা হয়।

আজ শুক্রবার সকালে ভোলা বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা অবরোধের পাশাপাশি বিক্ষোভ মিছিল করে বাস শ্রমিকরা। এ সময় কয়েকটি অটোরিকশা ভাঙচুর করে বিক্ষুব্ধ শ্রমিকরা। এ সময় ভোলা-চরফ্যাশন রুটে যাত্রীবাহী বাস চলাচল সহসব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়। যার ফলে যাত্রীরা চরম ভোগান্তির মধ্যে পড়ে। পরে পুলিশের সাথে সমঝোতা বৈঠকে হলে তিন ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

ভোলা বাস চালক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মহিউদ্দিন শাকিল জানিয়েছেন, ভোলা থেকে চরফ্যাশনে যাওয়ার পথে সিএনজি চালকরা লালমোহন উপজেলা মোড়ে বাস মালিক সমিতির একটি বাস থামিয়ে চালককে মারধর করে। এনিয়ে বাস ও সিএনজি শ্রমিকেদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায় হাতাহাতির ঘটনা ঘটে । এতে বেশ কয়েকজন আহত হন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর জের ধরে শুক্রবার সকাল ৯ টা থেকে বাস চলাচল বন্ধ কর দেয়া হয়।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ এনায়েত হোসেন জানিয়েছেন, মহাসড়কে অবৈধ থ্রি হুইলার যানবাহন চলাচল বন্ধের পাশাপাশি দোষীদের আইনের আওতায় আনার আশ্বাস দেয়ার পর বাস শ্রমিকরা তাদের ধর্মঘট তুলে নিয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি। 

এদিকে ৩ ঘন্টা বন্ধ থাকার পর দুপুর ১২ টা থেকে বাস চলাচল স্বাভাবিক হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads