ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে শনিবার

সংগৃহীত ছবি

জাতীয়

ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে শনিবার

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ৭ ফেব্রুয়ারি, ২০১৯

আগামী শনিবার সারা দেশে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন উদযাপন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, এদিনে ৬ থেকে ১১ মাস বয়সী প্রায় ২৫ লাখ ২৭ হাজার শিশুকে একটি করে নীল রংয়ের ভিটামিন 'এ' ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৯৫ লাখ ৭ হাজার শিশুকে একটি করে লাল রংয়ের ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এমন তথ্য জানিয়েছেন।

সংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘গত কয়েকদিন আগে ভিটামিন এ ক্যাপসুলে কিছুটা ত্রুটি দেখা দেয়। তবে আমরা শিশুদের জন্য কোনো ঝুঁকি নিতে চাইনি। ফলে সেই ক্যাপসুলগুলো আর ব্যবহার করিনি। তবে এবারের ভিটামিন ক্যাপসুলে আর কোনো সমস্যা নেই।’

তিনি বলেন, ‘সেই ঘটনায় আমরা একটি তদন্ত কমিটি গঠন করেছি। তারা একটি প্রতিবেদন জমা দিয়েছে আমরা তা এখনও দেখিনি। তবে যারাই দোষী সাব্যস্ত হোক তাদের শাস্তি পেতে হবে।’

ক্যাপসুলে সমস্যা সম্পর্কে তিনি বলেন, ‘ওই ভিটামিন ক্যাপসুল সাপ্লাইয়ে দেরি হওয়ায় এটা নিয়ে আদালতে মামলা হয়। মামলা নিষ্পত্তিতে প্রায় দেড় বছর লেগে যায়। তাতে এই ক্যাপসুল ড্যামেজ হয়ে যায়। তবে ক্যাপসুলের ভেতরে থাকা উপাদানের গুণগতমান ঠিক ছিল।

মন্ত্রী বলেন, বাড়তি সতর্কতার জন্য আমরা ঝুঁকি নিতে চাইনি। তাই ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন পেছানো হয়েছিল।

তিনি বলেন, ‘আমাদের মনে রাখতে হবে শিশুরা দেশের ভবিষ্যৎ। তাদের জন্য একটি সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।

ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন দিবসে একটি শিশুও যেন বাদ না পড়ে সে জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান মন্ত্রী।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads