শোবিজ

ভালোবাসা দিবসে কাজী সোমার গান

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৩ জানুয়ারি, ২০২০

দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে পেশাগতভাবে সংগীত পরিবেশন করে আসছেন বি. বাড়িয়ার বাঞ্ছারামপুরের মেয়ে কাজী সোমা। ওস্তাব সঞ্জীব দে’র কাছে টানা পাঁচ বছর গানে নিজেকে গড়ে তুলেই পেশাগতভাবে সংগীতকে বেছে নিয়েছেন তিনি। ২০০৬ সাল থেকে দেশের নানা অঞ্চলে স্টেজ শো করে শ্রোতা-দর্শককে মুগ্ধ করেছেন সোমা। কিছুদিন আগে একটি সংগঠন কর্তৃক স্টেজ শোতে অনবদ্য পারফরম্যান্সের কারণে পুরস্কৃতও হয়েছেন তিনি। তবে স্টেজ শোতে গান গেয়ে শ্রোতা-দর্শকের মন মাতালেও এবারের ভালোবাসা দিবসে তার একটি গান তার ভক্ত দর্শককে উপহার দেবেন বলে জানিয়েছেন কাজী সোমা।

গানের কথা লিখেছেন আহমেদ রিজভী, সুর সংগীত করছেন নাজির মাহমুদ। শিগগিরই গানটির রেকর্ডিং শেষে মিউজিক ভিডিও নির্মাণ করে একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে। কাজী সোমা জানান, গানের কথা হচ্ছে ‘চিঠি দিলাম পত্র দিলাম দিলাম টেলিফোন, তবুও আমি পাইলামনারে নিঠুর বন্ধুর মন’।

সোমা বলেন, ‘গানের কথা এবং সুর সংগীতায়োজন আমার ভীষণ পছন্দ হয়েছে। এরই মধ্যে গানটি চর্চা করতে করতে আমার মনের মধ্যে গেঁথে গেছে। শিগগিরই গানটির জন্য ভয়েস দেব। আশা করছি ছোট-বড় সব বয়সী শ্রোতা দর্শকের গানটি ভীষণ ভালো লাগবে।’

কাজী সোমার প্রিয় সংগীতশিল্পী, যাকে তিনি তার সংগীত জীবনের আদর্শ মনে করেন, তিনি হচ্ছেন রুনা লায়লা। ছোটবেলা থেকেই তার গান শুনে শুনে বড় হয়েছেন তিনি। রুনা লায়লার জীবনাদর্শ, তার ব্যক্তিত্ব সবসময়ই কাজী সোমাকে ভীষণ মুগ্ধ করে। সোমা এটাও জানান যে, তিনি যখন মঞ্চে ওঠেন তখন দর্শকের কাছ থেকে রুনা লায়লার গান গাওয়ার জন্যই বিশেষ অনুরোধ আসে। কাজী সোমার বাবা মরহুম কাজী আতাউর রহমান ও মা হাসনা বেগম। তার একমাত্র সন্তান ফারহান রেজা স্বপ্ন। স্বপ্নকে মানুষের মতো মানুষ করাই কাজী সোমার স্বপ্ন। এদিকে আজ কাজী সোমার জন্মদিন। জন্মদিনে পরিবারের সঙ্গেই বেশি সময় কাটাবেন তিনি। তবে জন্মদিনে স্টেজ শোতেও অংশ নেবেন তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads