নরসিংদীর বেলাবোতে বেলাবোতে অস্ত্র, গুলি, ইয়াবা ও নগদ অর্থসহ আমীর হোসেন (৩১) নামে এক ডাকাত গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল রবিবার রাতে তাকে বেলাবো থানার বিন্নাবাঈদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ডাকাত আমীর হোসেন উপজেলার চর বাঘাবের এলাকার হয়রত আলীর ছেলে।
এসময় তার কাছ থেকে একটি দেশী রিভালবার ৩ রাউন্ড গুলি, ৫০০ পিচ ইয়াবা ও নগদ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা উদ্ধার করা হয়।
বেলাবো থানা পুলিশ জানায়, গত রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডাকাত দলের সদস্য আমীর হোসেনকে ধরতে পুলিশ উপজেলার বিন্নাবাঈদ এলাকায় অভিযান চালায়। এসময় আমীর হোসেন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া করে তাকে গ্রেপ্তার করে।
বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুদ্দিন ভূইয়া বলেন, আমীর হোসেনের বিরুদ্ধে ডাকাতি ও হত্যা মামলাসহ একাধিক থানায় ১০টি মামলা রয়েছে। পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পৃথক দুইটি মামলা দায়ের করেছে।





