টাঙ্গাইলের মির্জাপুরে বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে নাহিদ কটন মিলের শ্রমিকরা। এতে বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে গিয়ে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয়পক্ষের অন্ততপক্ষে অর্ধশতাধিক জন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। এ ঘটনায় ওই এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে।
গতকাল বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকেলে উপজেলার গোড়াই এলাকায় অবস্থিত নাহিদ কটন মিলের সামনে এ ঘটনা ঘটে। এসময় শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর করে। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
সরেজমিন পরিদর্শনকালে শ্রমিকরা অভিযোগ করেন, মালিক কর্তৃপক্ষ তাদের পূর্ণ বেতন ও বোনাসের টাকা না দেওয়ায় তারা এর প্রতিবাদ করেন। পরে মালিক কর্তৃপক্ষের নির্দেশনায় পুলিশ তাদের উপর লাঠিচার্জ ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে শ্রমিকদের ২০-৩০ জন আহত হয়েছেন বলে তারা দাবি করেন।
নাহিদ কটন মিলস্’র জেনারেল ম্যানেজার মো. শহিদুল ইসলাম বলেন, সরকারি বিধি মোতাবেক আমরা তাদের বেতন-বোনাস প্রদানের সিদ্ধান্ত নিলেও তারা তা মানেনি। কিন্তু আমরা পরিস্থিতি বিবেচনায় তাদের সব দাবি মেনে নিলেও বহিরাগত লোকজন এই অনাকাঙ্খিত ঘটনা ঘটিয়েছে।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. আলম চাঁদ বলেন, শ্রমিকদের মহাসড়ক অবরোধের সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসি। এসময় তাদের আমরা নিভৃত করতে চেষ্টা করলে তারা আমাদের উপর ইট-পাটকেল দিয়ে হামলা চালায়। এতে আমিসহ আমাদের ৭-৮ জন পুলিশ ও ৮-৯জন আনসার সদস্য আহত হয়েছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।





