হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জিলিনা জোলি বলেছেন, ‘বিশ্বের সবচেয়ে বেশী নির্যাতিত জাতিগোষ্ঠির মধ্যে রোহিঙ্গারা অন্যতম। তাই তাদের নাগরিকত্বসহ সব অধিকার দিয়ে মিয়ানমারে ফিরিয়ে নেওয়া উচিত। বিশ্ব সম্প্রদায়কে রোহিঙ্গাদের পাশে দাড়ানো উচিত’।
আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে কক্সবাজারের উখিয়ার কুতুপালং ৫নং রোহিঙ্গা ক্যাম্পে ব্রিফিংয়ে অ্যাঞ্জেলিনা জোলি এসব কথা বলেন।
অ্যাঞ্জেলিনা জোলি বলেন, রোহিঙ্গা সংকট যতদিন না সমাধান হচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়কে ততদিনই রোহিঙ্গাদের পাশে থাকা উচিত। কারণ, মিয়ানমারের রাখাইনে এখনও রোহিঙ্গাদের ফিরিয়ে যাওয়ার নিরাপদ পরিবেশ তৈরী হয়নি বলে মনে করা হচ্ছে। মিয়ানমারে যেসব জাতিগোষ্ঠি রয়েছে তাদের মত রোহিঙ্গাদেরও অধিকার দেওয়া প্রয়োজন।
তিনি বলেন, ‘আমি দুইদিন ধরে রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন জায়গা ঘুরেছি। রোহিঙ্গাদের সাথে কথা বলে আমি উপলব্ধি করতে পেরেছি যে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের উপর বর্বর নির্যাতন চালিয়েছে। আমি এক রোহিঙ্গা নারীকে প্রশ্ন করেছিলাম, তাদের দেশ মিয়ানমারে ফিরে যাবে কিনা? উত্তরে তিনি আমাকে জানিয়েছেন- তাকে গুলি করে মেরে ফেললেও মিয়ানমারে ফিরে যাবে না। কাজেই বুঝা যায় মিয়ানমারের রাখাইনে এখনও নিরাপদ পরিবেশ তৈরি হয়নি’।
রোহিঙ্গা ক্যাম্পের দিকে হাত দিয়ে দেখিয়ে দিয়ে জোলি বলেছেন, ‘দেখুন আমরা সবাই এখন বিশ্বের সবচেয়ে বৃহৎ রোহিঙ্গা শিবিরে অবস্থান করছি। এত বিপুল সংখ্যক রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে এবং তাদের সহায়তা দিয়ে বাংলাদেশ একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন। এজন্য আমি বাংলাদেশকে ধন্যবাদ জানাচ্ছি’।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে কুতুপালং এক্সটেনশন-৪ ক্যাম্পে পৌঁছান অ্যাঞ্জেলিনা জোলি। সেখানে রোহিঙ্গা ক্যাম্পে অবস্থানরত রোহিঙ্গা শিশুদের জন্য গড়ে উঠা শিক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করেন। এছাড়াও উপস্থিত রোহিঙ্গাদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে উখিয়ার কুতুপালং ৩নং রোহিঙ্গা ক্যাম্পের রিলিফ ইন্টান্যাশনাল পরিচালিত স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন করেন। একই ক্যাম্পে নির্যাতিত রোহিঙ্গা নারীদের সঙ্গে কথা বলেন এবং দুর্দশার কথা মনোযোগ দিয়ে শুনেন। পরে দুপুরে কুতুপালং ৪নং রোহিঙ্গা ক্যাম্পে হোপ ফাউন্ডেশন পরিচালিত হাসপাতাল পরিদর্শন করে চিকিৎসাধীন রোহিঙ্গা নারীদের সাথে কথা বলেন। এসময় ‘ইউএনএইচসিআর’সহ আন্তর্জাতিক বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধিরা সাথে উপস্থিত ছিলেন।
জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ‘ইউএনএইচসিআর’র বিশেষ দূত হিসেবে অ্যাঞ্জেলিনা জোলি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন। পাঁচ দিনের বাংলাদেশ সফরে তার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার কথা রয়েছে।





